সর্বদলীয় সভা, আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময়সীমা
তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী ওরফে সজীব (২৬) হত্যাকাণ্ডে চিহ্নিত আসামিদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। নইলে সর্বদলীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হবে। গতকাল বুধবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে ‘সমিঞ্চলিত সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ আয়োজিত সমাবেশ থেকে সিলেটের সর্বদলীয় নেতারা এ দাবি জানান। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরানকে ৯ ডিসেম্বর রাতে নগরের শিবগঞ্জের বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। প্রকাশ্যে একটি হত্যাকাণ্ড ও খুনি গ্রেপ্তার না হওয়ার প্রেক্ষাপটে গঠিত প্রতিরোধ কমিটি গতকাল সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ন্যাপ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্ম হয়ে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। প্রতিরোধ কমিটির সভাপতি আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে সমাবেশে জাতীয় পার্টির সাংসদ নবাব আলী আব্বাস, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আবদুল হান্নান, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সিকান্দর আলী, সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান ও মেহরানের বাবা আবদুল্লাহ সিদ্দিকী বক্তব্য দেন। আবদুল্লাহ সিদ্দিকী সমাবেশে কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, ‘নিজ বাসার সামনে প্রকাশ্যে খুনের ঘটনা ঘটল। পাড়া-প্রতিবেশী সবাই দেখেছে, পত্রপত্রিকায় নাম-ঠিকানাও প্রকাশ পায়। মামলাও করেছি। কিন্তু পুলিশ ১০ দিনে একজন আসামিও গ্রেপ্তার করতে পারেনি। আমি সিলেটবাসীর কাছে ছেলে হত্যার বিচার চাই।’ সমাবেশ থেকে ৭২ ঘণ্টার বেঁধে দেওয়া সময় ঘোষণা করেন সাংসদ নবাব আলী আব্বাস। তিনি বলেন, ‘হত্যা ঘটনার এতদিন পরও আসামি গ্রেপ্তার হচ্ছে না। এতে প্রমাণ হয় পুলিশ আন্তরিক নয়।’ নগরের শিবগঞ্জের মেহরানকে ৯ ডিসেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।