প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। তিনি বলেন, সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনও আচরণবিধি তৈরির কাজ শুরু করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে।
গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত এক সমাবেশে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
খালেদা জিয়াকে সংবিধান পড়ার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, ‘আপনি না বুঝে বলেছিলেন ২৭ অক্টোবরের পর সরকার অবৈধ হয়ে যাবে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারও থাকবে, সংসদও থাকবে।’ তিনি বলেন, বিএনপি শর্তহীনভাবে উদ্যোগ নিলে সংলাপ হতে পারে।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ এ কে এম রহমত আলী, দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।
১০ নভেম্বর থেকে মনোনয়ন বাছাই: আগামী ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিডিয়া সেন্টার, ওয়েবসাইট ও ক্যানটিন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।