সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম, তিনি সাড়া দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রধানমন্ত্রী গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনের সময়ে একসঙ্গে সর্বদলীয় সরকার গঠনের জন্য আমি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলাম। তাঁকে যেকোনো মন্ত্রণালয় নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম এবং বলেছিলাম, আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করি। কিন্তু তিনি আমার আহ্বানে কোনো সাড়া দিলেন না। এরপর তিনি নির্বাচন প্রতিহত করার নামে কী করেছেন, দেশের মানুষ তা প্রত্যক্ষ করেছেন।’

প্রধানমন্ত্রী গতকাল শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী ও উন্নয়নবিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিএনপির নির্বাচন বর্জন ছিল একটি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। জনগণ এ জন্য কেন মূল্য দেবে। তাদের কী অপরাধ ছিল?’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যখন তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তখন আমি শুনতে পেলাম, তিনি উচ্চ স্বরে এবং ঝগড়ার ভাষায় কথা বলছেন।’
অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘এই দেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। কাজেই সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমি আহ্বান জানাব। আমাদের মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও আমাদের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাঁরা রয়েছেন—সবাইকে সম্মিলিতভাবে এই সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কল্যাণের পথে থাকতে চাই। জনগণের সার্বিক কল্যাণ করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করতে চাই। তাই সবার প্রতি আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে যেন শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।’
কোনো সন্তান যেন আর বিপথে না যায়, সে ব্যাপারে অভিভাবকদের লক্ষ রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকদের সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে সন্তানেরা খোলামনে তাদের মনের কথাগুলো অভিভাবকদের বলতে পারে। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও তিনি ছাত্রছাত্রীদের দিকে নজর দেওয়ার এবং কেউ যেন জঙ্গিবাদ বা মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।
আরভি মীন সন্ধানীর উদ্বোধন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ জাহাজ আরভি মীন সন্ধানীর কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের সম্প্রসারিত সমুদ্রসীমায় আগামী মাস থেকে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর জরিপকাজ শুরু হবে।
বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য, বিশেষত মাছ-সম্পর্কিত জরিপ পরিচালনায় এই জাহাজ কাজে লাগানো হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং মালয়েশিয়ার সরকার এই জরিপে কারিগরি সহায়তা দেবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৬৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়া থেকে সর্বাধুনিক এ গবেষণা জাহাজটি আনা হয়েছে। জাহাজটি সমুদ্রের পানিতে ৩৬০ ডিগ্রি অবতলে ২০০ মিটার গভীরতা পর্যন্ত জীবিত যেকোনো জলজ প্রাণী চিহ্নিত করতে সক্ষম।