সর্বদলীয় সরকার না হওয়া পর্যন্ত মন্ত্রিসভা চলবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর উপজেলায় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
মিরপুর উপজেলায় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

সর্বদলীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক হতে থাকবে। আগামী রোববারে বৈঠক বসবে, তার পরও বসবে। সর্বশেষ বৈঠক বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার সকালে তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যত দিন এই মন্ত্রিসভা রয়েছে, যেকোনো সময় মন্ত্রিসভা বসতে পারে।
তথ্যমন্ত্রী বলেন, ‘সর্বদলীয় সরকার গঠনের সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে বিরোধী দলসহ সব দল অংশ নেওয়ার ব্যাপারে সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকি।’
ইনু অভিযোগ করেন, তারা (বিরোধী দল) সংলাপের পথটা এড়িয়ে আগুন দিয়ে মানুষ মারার নতুন একটি রাজনৈতিক কৌশল শুরু করেছে।
মন্ত্রীদের পদত্যাগের ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, পদত্যাগ দিয়ে বিতর্ক করে লাভ নেই। কারও কোনো বিতর্ক থাকলে, আদালত খোলা আছে, তাঁরা আদালত থেকে পরামর্শ নিতে পারেন।
এ সময় সেখানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আজ সারা দিন তাঁর নির্বাচনী এলাকায় আরও ১৭টি ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।