সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার প্রশ্নে বিভক্ত জাপা
সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার প্রশ্নে জাতীয় পার্টির নেতাদের মধ্যে আবার বিভক্তি দেখা দিয়েছে। আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছে—এই বিশ্বাসে একাংশ সর্বদলীয় সরকারের বিপক্ষে। অন্য অংশটি বিএনপির মধ্যে কোনো আশা খুঁজে পাচ্ছে না। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
তবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘সর্বদলীয় সরকারে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করি, দেশে শান্তি-স্থিতিশীলতা আসবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় হাতে রয়ে গেছে।’
জাতীয় পার্টির বিএনপিপন্থী অংশের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, আওয়ামী লীগ সরকারের কাছ থেকে শেষ মুহূর্তে আরও কিছু ‘বাগিয়ে’ নেওয়ার আশায় আছেন কয়েকজন নেতা। তাঁরাই সর্বদলীয় সরকারে যোগ দিতে চাইছেন। এই নেতাদের মধ্যে আছেন আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু। তিনি বলেন, এই নেতারাই এর আগে মহাজোটে যুক্ত হলে রাষ্ট্রপতি পদ পাওয়া যাবে—এমন আশা দিয়েছিলেন এরশাদকে।
বিএনপিপন্থী অংশের একজন নেতা অভিযোগ করেছেন, ‘আওয়ামী ঘরানা’র নেতারা রাতের বেলা গোপনে পার্টির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছেন এবং ‘মন্ত্রণা’ দিচ্ছেন। বিএনপিপন্থী অংশটি এরশাদের সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জুর সাম্প্রতিক যোগাযোগের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে। তাঁরা বলছেন, মঞ্জু দল থেকে বেরিয়ে গেছেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ না করাই শ্রেয়। তবে বিএনপিপন্থী অংশের নেতাদের চাপের কারণে এরশাদের ভাই জি এম কাদের সর্বদলীয় সরকারে যাবেন না বলে নেতা-কর্মীদের আশ্বস্ত করেছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে জাতীয় পার্টির নীতিনির্ধারণে প্রভাব আছে এমন একজন নেতা বলেছেন, বিএনপির সঙ্গে জোট বেঁধে কোনো লাভ নেই। তাঁর মতে, ১৮-দলীয় জোট আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারছে না, পারবেও না। তিনি বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হলো। খালেদা জিয়ার বাড়ির সামনে এত নিরাপত্তারক্ষী মোতায়েন হলো, কোনো নেতাকে তাঁর বাড়ির ছায়াও মাড়াতে দেখা যায়নি। হরতাল ডেকে নেতারা আত্মগোপনে গেছেন। নেতারা রাস্তায় নামলে কর্মীরা নামেন, কর্মীদের দেখে সাধারণ মানুষ রাস্তায় নামে।’
এদিকে জিয়াউদ্দিন বাবলু প্রথম আলো ডটকমকে বলেছেন, সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। কোনো আলোচনাও হয়নি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।