জাতির সঙ্গে বেইমানি করে যাঁরা সর্বদলীয় সরকারের শপথ নিয়ে স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করছেন, তাঁরা গণদুশমন। এঁদের চিহ্নিত করে রাখা হবে। সর্বদলীয় সরকারের নামে এসব ব্যক্তি যেখানে যাবেন, সেখানেই তাঁদের প্রতিরোধ করা হবে।
গতকাল সোমবার ১৮ দলের কালো পতাকা মিছিলের আগে বিএনপির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মন্ত্রীরা পদত্যাগ করার পরও মন্ত্রিসভার দায়িত্ব পালন করে সংবিধান লঙ্ঘন করেছেন দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে ১৮-দলীয় জোট।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবৈধ সর্বদলীয় সরকারের এসব ব্যক্তি জনগণ ও গণতন্ত্রের শত্রু। এঁদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। এঁদের যেখানে দেখা যাবে, সেখানেই ধাওয়া করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, সর্বদলীয় সরকারের অংশীদারেরা বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকদের পায়ের নিচে মাটি থাকে না। কঠোরভাবে এঁদের প্রতিহত করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের হয়।