রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষার পর ধরা পড়েছে ঠিকাদার নিম্নমানের মালামাল সরবরাহ করেছে। তারপরও রাজশাহী সিটি করপোরেশন সেই মাল নিয়েই বিল পরিশোধ করেছে। অভিযোগ উঠেছে, দরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও একইভাবে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বারবার এই ঠিকাদারকেই কাজ দিয়েছে সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির নাম এসএলকে ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের সাগরপাড়া থেকে রানীবাজার পর্যন্ত সড়কের বিদ্যমান বিদ্যুৎ লাইন অপসারণ ও নতুন পোল সরবরাহের জন্য ২০১৬ সালের সেপ্টেম্বরে ১২ মিটার ও ৯ মিটার জিআই পোল সরবরাহের দরপত্র আহ্বান করা হয়। এখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়েও এসএলকে ইঞ্জিনিয়ারিংকে ৪৪ লাখ ৮০ হাজার টাকার কাজটি দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ১২ মিটার জিআই পোল সরবরাহ না করে এমএস পোল সরবরাহ করে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে। শর্ত অনুযায়ী ত্রুটিপূর্ণ পোলগুলো অপসারণ করে নতুন পোল সরবরাহ করার কথা। কিন্তু এসএলকে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এক আবেদনে বলেন, এই পোল অপসারণ করে নতুন পোল সরবরাহ করতে গেলে জনগণের ভোগান্তি বাড়বে। করপোরেশন ত্রুটিপূর্ণ পোল রেখেই বিল পরিশোধ করছে।
এ ব্যাপারে প্রকল্পের দায়িত্বে থাকা করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন বলেন, ত্রুটি ধরার পর তাঁরা ৫২ হাজার টাকার পোলের দাম দিয়েছেন ২৮ হাজার টাকা করে।
২০১৬ সালের মে মাসে এলইডি বাল্ব সরবরাহের ৮৭ লাখ ৩০ হাজার টাকার দরপত্র আহ্বান করা হলে পাঁচজন দরদাতার মধ্যে এসএলকে ইঞ্জিনিয়ারিং ছিল চতুর্থ সর্বনিম্ন। কাজটি তাদেরই দেওয়া হয়। এতে ১৫ ওয়াটের ১০ হাজার ও ৩২ ওয়াটের ১১ হাজার এলইডি বাল্ব সরবরাহ করার কথা ছিল। রুয়েটের পরীক্ষায় ধরা পড়ে, এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত বাল্ব দরপত্রের নমুনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরও সিটি করপোরেশন বিল পরিশোধ করেছে।
এ ব্যাপারে রেয়াজাত হোসেন বলেন, সরবরাহকৃত বাল্বের গুণগত মানে বেশি পার্থক্য ধরা পড়েনি। তাই আংশিক বিল পরিশোধ করা হয়েছে।
একই বছরের সেপ্টেম্বরে ৬৪ লাখ ৭৪ হাজার টাকার বাল্ব সরবরাহের কাজের চারজন দরদাতার মধ্যে এসএলকে ইঞ্জিনিয়ারিং ছিল তৃতীয় সর্বনিম্ন। অন্যদের কাজ ত্রুটিপূর্ণ ঘোষণা করে তাদেরই কাজ দেওয়া হয়। এ ক্ষেত্রে ১৫ ওয়াটের ৮ হাজার এবং ৩২ ওয়াটের ৫০০ বাল্ব সরবরাহ করার কথা ছিল। কিন্তু চুক্তির নির্ধারিত সময়ের মধ্যে তারা মালামাল সরবরাহ করতে না পেরে সময় বাড়িয়ে দেওয়ার আবেদন করে। সিটি করপোরেশন ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে দেয়। তারপরও তারা মাল সরবরাহ করতে পারেনি। এরপর সরকারি ক্রয়নীতি অনুযায়ী তাদের জামানত বাতিল হওয়ার কথা। অথচ ঠিকাদারকে বাঁচানোর জন্য সিটি করপোরেশন নিজের থেকে চুক্তি বাতিল করার প্রস্তাব দিয়ে তাদের জামানত ফেরত দেওয়ার ব্যবস্থা করে।
সবগুলো দরপত্রের ক্ষেত্রে দায়িত্বশীল প্রকৌশলী ছিলেন রেয়াজাত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের বিল পরিশোধ করার টাকা না থাকার কারণে প্রতিষ্ঠানটি নিজের থেকে সময় বাড়িয়ে নেওয়ার আবেদন চেয়ে নিয়েছিল। তারপরও টাকার জোগাড় না হওয়ার কারণে নিজের থেকে চুক্তি বাতিল করেছে। দরপত্রে অংশ নেওয়া অন্য ঠিকাদারদের কাজ না দেওয়ার ব্যাপারে তিনি বলেন, দরপত্র মূল্যায়ন কমিটিতে বিদ্যুৎ বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং তাঁদের প্রধান প্রকৌশলী ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন। অন্যদের কাগজপত্রে ত্রুটি থাকার কারণে সর্বনিম্ন দরদাতা হলেও তাদের কাজ দেওয়া হয়নি।