সর্বনিম্ন নয়, কাজ পেলেন সর্বোচ্চ দরদাতারা
২০১১-১২ অর্থবছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের খাদ্য সরবরাহের চারটি গ্রুপের কাজ সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হয়েছে। চার কোটির বেশি মূল্যের এ কাজ তিনটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।হাসপাতাল ও দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ২৫ মে রোগীদের জন্য পথ্য, স্টেশনারি, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও কাপড় ধৌতকরণ খাতে মোট আটটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ দিন ২০ জুন পর্যন্ত মোট ৫৮টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে পথ্য সরবরাহের এক থেকে পাঁচ নম্বর গ্রুপের চার কোটির বেশি মূল্যের কাজ পেতে জমা পড়ে ৪০টি দরপত্র। ৫ জুলাই দরপত্র কমিটির বৈঠকে পথ্য খাতে সর্বনিম্ন দরপত্রদাতাদের বাদ দিয়ে এক থেকে চার নম্বর পর্যন্ত গ্রুপের সর্বোচ্চ দরদাতা তিন প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী এক থেকে চার নম্বর গ্রুপে ঠিকাদারি প্রতিষ্ঠান যথাক্রমে সরকার অ্যান্ড সন্স (চাল, ডাল ও চিনিসহ শুকনো উপাদান), হাসেম আলী (শাক-সবজি ও কলাসহ বিভিন্ন উপাদান), হাসেম আলী (মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন উপাদান) ও হক বেকারিকে (রুটি ও বিস্কুট-জাতীয় বিভিন্ন উপাদান), দরপত্রের বিপরীতে জামানতের টাকা জমা দিতে কর্তৃপক্ষ চিঠি দিয়েছে। তবে স্টেশনারি, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও কাপড় ধৌতকরণ তিনটি গ্রুপের কাজের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।হাসপাতালে দীর্ঘদিন ধরে খাদ্য সরবরাহের কাজ করছেন এমন একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ১০০ কেজি মাংস লাগে। জানা যায়, দরপত্রের তিন নম্বর গ্রুপে সর্বনিম্ন দরদাতা খাসির মাংসের মূল্য প্রস্তাব করেন প্রতি কেজি ৩২০ টাকা। আর সর্বোচ্চ দর প্রস্তাব করেন ৩৯৮ টাকা। কাজ দেওয়া হয়েছে সর্বোচ্চ দরদাতাকেই। খাবারের তালিকায় এমন আরও ১৪টি পদের ক্ষেত্রেও অতিরিক্ত টাকা ব্যয় হবে। এতে বছরে হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত ব্যয় হবে ২৮ লাখ ৪৭ হাজার টাকা।জানা গেছে, হাসপাতালে প্রতিদিন ১৫০ কেজির মতো কলা লাগে। দরপত্রের দুই নম্বর গ্রুপে শাক-সবজি ও কলাজাতীয় খাবার সরবরাহ করতে সর্বনিম্ন দরদাতা প্রতি কেজি কলার দাম ১১ টাকা ৯৯ পয়সা উল্লেখ করেন। সর্বোচ্চ দরদাতা উল্লেখ করেন ১৬ টাকা কেজি। এ ক্ষেত্রেও সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। ফলে এক বছরে হাসপাতালের এ খাতে অতিরিক্ত ব্যয় হবে প্রায় দুই লাখ ১৯ হাজার টাকা। এ গ্রুপে এভাবে আরও ১৮টি পদের পথ্য সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হবে। হাসপাতালে প্রতিদিন ৪০০ গ্রামের প্রায় ৯০০টি পাউরুটি লাগে। চার নম্বর গ্রুপে রুটির মূল্য সর্বনিম্ন দরদাতা উল্লেখ করেছিলেন ১৪ টাকা ৮০ পয়সা। আর সর্বোচ্চ দর দেওয়া হয় ২২ টাকা ৩০ পয়সা। এই পদেও হাসপাতালের অতিরিক্ত ব্যয় হবে ২৪ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকার বেশি। এ গ্রুপের বিস্কুট সরবরাহেও ব্যয় বাড়বে হাসপাতালের।দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারেরা অভিযোগ করেন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক সিন্ডিকেট তৈরি করে অর্থের বিনিময়ে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিচ্ছেন। এ ব্যাপারে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। যোগাযোগ করা হলে ফজলুল হক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘১০ থেকে ১৫ বছর ধরে এখানে কাজ করছি। আমার পক্ষে দরপত্রে অনিয়ম করার সুযোগ নেই, কারণ দরপত্র কমিটি রয়েছে।’হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. শাহজাহান বলেন, ছয় সদস্যের দরপত্র কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বাজার দরের চেয়ে কম মূল্য দেওয়ায় সর্বনিম্ন দরদাতাদের বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাদের ঠিকাদার নির্বাচন করা হয়েছে। সর্বনিম্ন দরদাতাদের কাজ দিলে নিম্নমানের খাবার সরবরাহ করা হতে পারে বলে তিনি আশঙ্কা করেন। তিনি আরও বলেন, ‘আপত্তি থাকলে অভিযোগকারী ঠিকাদারেরা মামলা করতে পারেন।’