সর্বনিম্ন প্রারম্ভিক মজুরি ৮ হাজার ৭৫০ টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
chuadanga
chuadanga

কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের শ্রমিক-কর্মচারীরা সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। আন্দোলনের অংশ হিসেবে গতকাল সোমবার তাঁরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবীদের সংগঠন সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। সংস্থাগুলো হলো, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি), বন শিল্প উন্নয়ন সংস্থা (এফআইডিসি) এবং ইস্পাত ও প্রকৌশল শিল্প সংস্থা।

সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি চত্বর থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্লাকার্ডসহ মিছিল বের করা হয়। এরপর শ্রমিক-কর্মচারীরা ট্রাকে করে চুয়াডাঙ্গা শহরে আসেন এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করেন। এ সময় সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের পক্ষে স্লোগান দেওয়া হয়।

শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক জিয়াউদ্দীনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় দাবির পক্ষে বক্তব্য দেন দর্শনা কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। শ্রমিকনেতারা বলেন, বর্তমানে রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকেরা একজন দিনমজুরের চেয়ে কম বেতনে চাকরি করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে অস্বাভাবিক ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের জীবিকা নির্বাহ দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে নিতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্মারকলিপি গ্রহণ করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপির কপিটি সুপারিশসহ পাঠানো হবে।