সর্বনিম্ন ফিতরা ৬৬ টাকা
এবারের ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ৬৬ টাকা। সর্বোচ্চ ফিতরা এক হাজার ৯৮০ টাকা। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ওই সভা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামি শরিয়াহ অনুসারে গম বা আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়।
গম বা আটা দ্বারা আদায় করলে অর্ধ সা বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬৬ টাকা আদায় করতে হবে। খেজুর দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ১৫৫ টাকা, পনির দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৬৫০ টাকা এবং যব দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৩৯৬ টাকা। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতরা আদায় করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।