সর্বনিম্ন মজুরি ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন পোশাকমালিকেরা
শেষ পর্যন্ত তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ শতাংশ বা ৬০০ টাকা বৃদ্ধির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এতে সর্বনিম্ন মজুরি দাঁড়াবে তিন হাজার ৬০০ টাকা।
মজুরি বোর্ডের পঞ্চম সভায় আজ মঙ্গলবার বিজিএমইএর পক্ষে লিখিত এই প্রস্তাব দেন সমিতির পরিচালক ও বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান এ কে রায়।
তবে মালিকপক্ষের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আশা ছিল মালিকপক্ষ ভালো একটি মজুরির প্রস্তাব দেবে। কিন্তু শেষ পর্যন্ত তারা যেটি দিয়েছে, সেটি অমানবিক ও অযৌক্তিক।
বোর্ডের স্থায়ী সদস্য শ্রমিক নেতা ফজলুল হক বলেন, বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে কোনো সুস্থ মানুষ বিজিএমইএর প্রস্তাব মেনে নিতে পারে না।
চেয়ারম্যান এ কে রায় সাংবাদিকদের বলেন, আজকের সভায় (গতকাল) মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব নিয়ে প্রথম পর্যায়ের দরকষাকষি হয়েছে। বলা যায় প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও এর আশপাশের তিনটি এবং চট্টগ্রাম ও এর আশপাশের দুটি কারখানা সরেজমিন পরিদর্শন করবেন বোর্ডের সদস্যরা। এ সময় শ্রমিক-মালিক উভয় পক্ষের সঙ্গেই কথা বলা হবে।
এ কে রায় আরও বলেন, বোর্ডের সদস্যরা থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়া পরিদর্শনে যাবেন। সেখানে পোশাকশ্রমিকদের মজুরি কীভাবে দেওয়া হয়, মজুরি বোর্ড কীভাবে কাজ করে, সেগুলো পর্যবেক্ষণ করবেন তাঁরা। ২১ অক্টোবর মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশিত হয় গত ২৪ জুন। গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করা হয়েছে। এর মধ্যে মাসিক মূল মজুরি ধরা হয়েছে পাঁচ হাজার ৯৩৪ টাকা, বাড়িভাড়া এক হাজার ৭৮০ টাকা (মূল মজুরির ৩০ শতাংশ) ও মাসিক চিকিত্সা ভাতা ৪০০ টাকা।
এদিকে বিজিএমইএ নিম্নতম মজুরির প্রস্তাব করেছে তিন হাজার ৬০০ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৪০০ টাকা, বাড়িভাড়া ৯৬০ টাকা ও চিকিত্সা ভাতা ২৪০ টাকা। একই সঙ্গে বিজিএমইএ আগের মজুরি কাঠামোর সাতটি গ্রেডের মধ্যে তৃতীয় গ্রেডটির বিলুপ্ত করার প্রস্তাব করেছে।
২০১০ সালে সর্বশেষ মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছিল তিন হাজার টাকা।