সর্ববৃহৎ ঈদের জামাত আয়োজনে প্রস্তুত শোলাকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার সর্ববৃহৎ জামাত আয়োজনে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ
পরিচালনা পর্ষদের ধারণা, ঈদুল ফিতরের মতো এত মুসল্লির সমাগম না ঘটলেও জামাতটি হবে দেশের সর্ববৃহৎ।
দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করতে শোলাকিয়ায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। সে লক্ষ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে। এখন চলছে শেষ সময়ের কাজ।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ জামাত হবে সকাল নয়টায়। নামাজ পড়াবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের নিয়ে একটি নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
জানতে চাইলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক এস এম আলম বলেন, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার জামাতে মুসল্লি কম হয়। তার পরও শোলাকিয়ায় হবে দেশের বৃহৎ জামাত।
পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, মাঠের ভেতরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।