সর্বরোগের চিকিৎসার নামে প্রতারণা
সিলেট শহরের বিভিন্ন স্থানে চিকিৎসার নামে প্রতারণা চলছে। একশ্রেণীর হাতুড়ে চিকিৎসক কম খরচে সব ধরনের চিকিৎসা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিরীহ লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। এসব চিকিৎসকের ওষুধ সেবন করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।সম্প্রতি সরেজমিনে নগরের আম্বরখানা এলাকায় দেখা যায়, এক হাতুড়ে চিকিৎসকের দোকানে ক্যাসেট প্লেয়ার বাজানো হচ্ছে। ক্যাসেট প্লেয়ারে রোগীদের প্রতি আহ্বান জানোনো হচ্ছে, ‘এখানে আসেন ভাই, দেখেন ভাই। বিফলে মূল্য ফেরত...সর্বরোগের আশ্চর্য সব মহৌষধ রয়েছে আমাদের কাছে।’ সব রোগের চিকিৎসা সহজে পাওয়ার কথা শুনে অনেকেই ওই দোকানে ভিড় করছেন। এঁদের মধ্যে গ্রামের নিরক্ষর লোকজনের সংখ্যাই বেশি।আম্বরখানা ছাড়াও নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, দক্ষিণ সুরমা, কদমতলী, স্টেশন রোড, পুরাতন রেলস্টেশন, সুবিদবাজার, চৌহাট্টা, দরগাগেট, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, তালতলা, কিনব্রিজ, শিবগঞ্জ এবং শহরতলীর কুমারগাঁও, আখালিয়া, শিববাড়ি, শাহপরান গেট, মেজরটিলাসহ অন্তত ৩০টি স্থানে মাটিতে পাটি পেতে চিকিৎসার নামে প্রতারণা করা হচ্ছে। প্রত্যেক চিকিৎসক প্রতিদিন গড়ে ২৫-৩০ জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন।দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় প্রতিদিন দোকান নিয়ে বসেন আলাউদ্দিন নামের এক চিকিৎসক। চিকিৎসা-সংক্রান্ত জ্ঞান কীভাবে পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মেট্টিক (এসএসসি) ফেল করা মানুষ। তবে ডাক্তারি ও কবিরাজি বিদ্যায় ওস্তাদ। দাদার কাছ থেকেই এই চিকিৎসা শিখেছি। আমার ওষুধ খাইয়া ভালো হয় নাই—এমন লোক একটাও দেখাতে পারবেন না। আমার বিরুদ্ধে অপচিকিৎসার কোনো অভিযোগ নাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক আলাউদ্দিনের মতো কয়েকজন হাতুড়ে চিকিৎসক জানান, তাঁরা হাঁপানি, গ্যাস্ট্রিক, ক্ষুধামান্দ্য, আলসার, রক্তশূন্যতা, মাথাব্যথা, কোমর ব্যথা, চর্ম ও যৌন রোগসহ নানা চিকিৎসা দিয়ে থাকেন। রোগের ধরন অনুযায়ী প্রত্যেক রোগীর কাছ থেকে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়। সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর এলাকার বাসিন্দা কোহিনূর মিয়া জানান, সড়কের এক চিকিৎসককে দিয়ে তিনি কিছুদিন আগে একটি দাঁত ফেলেছিলেন। এ ঘটনার প্রায় ১০ দিন পর থেকে ওই দাঁতের স্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে এক দন্ত বিশেষজ্ঞের কাছে গেলে চিকিৎসক জানান, দাঁতের কিছু ভাঙা অংশ থেকে যাওয়ায় সেখানে পুঁজ জমেছে। পরে প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে পুনরায় দাঁতের চিকিৎসা করেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, এসব চিকিৎসকেরা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে প্যারাসিটামল, হিস্টাসিন, মেট্রিল-জাতীয় কিছু বড়ি ব্যবহার করছেন। এ ছাড়া মোটা হওয়ার জন্য ভিটামিনের বড়ির পাশাপাশি বিভিন্ন মলম ও বনজ ওষুধ ব্যবহার করেন তাঁরা।সিলেটের সিভিল সার্জন কামরুল ইসলাম জানান, ফুটপাতের হাতুড়ে চিকিৎসকদের ওষুধ খেয়ে রোগীদের অপকার ছাড়া উপকার হওয়ার সম্ভাবনা নেই। তাই রোগীদের এসব চিকিৎসকের কাছ থেকে সব সময় দূরে থাকার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি তাঁদের বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ সেবন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব জানান, নগরের যেসব স্থানে এ রকম অপচিকিৎসা চলছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেসব স্থান চিহ্নিত করা হবে। শিগগির ভ্রাম্যমাণ আদালত ওই সব স্থানে অভিযান চালিয়ে হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।