সর্বশেষ বক্তব্যে এরশাদের ভাবমূর্তি ফিরেছে: কাজী জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেছেন, নির্বাচনে না যাওয়া নিয়ে এরশাদ সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর হারানো ভাবমূর্তি ফিরে পাবেন। তবে জনমনে এখনো তাঁকে নিয়ে শঙ্কা বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাজী জাফর বলেন, ‘আশা করি বৃদ্ধ বয়সে তিনি জাতির সামনে যে কথা বলেছেন, তা রাখবেন । আর কোনো খেলা খেলবেন না।’ এ সময় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তাঁকে দেখার অপেক্ষায় থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

কাজী জাফর বলেন, ১৮ দলের চলমান আন্দোলনের সঙ্গে তাঁরা সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেন। বর্তমান সরাকারের আয়ু শেষ হয়ে এসেছে। তাদের (সরকার) পতন আসন্ন। এ সময় ১৮-দলীয় জোটের চলমান আন্দোলনে  গতি সঞ্চারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কাজী জাফর জানান, খালেদার সঙ্গে বৈঠকে আগামী দিনের আন্দোলন সংগ্রাম, পথচলা এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাঁরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়াকে জানিয়েছি, যত শক্তি আছে তা নিয়ে আমরা আন্দোলনে পাশে থাকব।’

আগামী শনিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অবস্থান তুলে তবেরনে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাব জাতীয় পার্টির বহিষ্কৃত এ নেতা বলেন, আদর্শিক ও গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এরশাদের সঙ্গে তাঁদের মতপার্থক্য তৈরি হয়েছে।

এরশাদের সঙ্গে তাঁরা আবার যুক্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, ১৮ ডিসেম্বর দলের বিশেষ কাউন্সিল রয়েছে। সেখানে গণতন্ত্রের দিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ১৮ দলের সঙ্গে যুক্ত না হলেও তাঁরা সমন্বিত আন্দোলনে থাকবেন।

বর্তমান ১৮-দলীয় জোটের চলমান আন্দোলনে নিহতের শহীদে উল্লেখ করে কাজী জাফর আহমেদ বলেন, চলমান এই আন্দোলন ’৬৮, ’৬৯ এর  আন্দোলনের কাছাকাছি।

বৈঠকের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, মইন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিভ রহমান পার্থ প্রমুখ।