সর্বশেষ সন্দেহভাজন রকিবকে পুলিশে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার ঘটনায় সন্দেহভাজন আবদুর রকিবকে (২২) গত শনিবার মধ্যরাতে পুলিশে সোপর্দ করেছেন তাঁর বাবা। নৌকার মাঝি গুলজারের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর নাম এসেছিল।রকিবের বাড়ি চেঙ্গেরখাল এলাকার নলকূট গ্রামে। শনিবার রাত ১২টার দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জালালাবাদ থানায় এসে রকিবকে পুলিশের হাতে তুলে দেন তাঁর বাবা আবদুর রশিদ।জালালাবাদ থানার সামনে আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘একজনের লাগি আস্তা গাঁউর মানষর (এলাকার মানুষ) কষ্ট অউক—আমি ইটা চাই না। ছেলে দোষ করছে—তাই লোকাইয়া ছাপাইয়া না রাইখা আইনওর হাতও তুলিয়া দিলাম।’জালালাবাদ থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার এলাকাবাসীকে সন্দেহভাজন নয়জনের নামের তালিকা দেওয়া হয়। ওই দিনই ছয়জনকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে সন্দেহভাজন আরও তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত শুক্রবার নৌকার মাঝি গুলজারের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই নয়জন ছাড়াও রকিবের নাম আসে।কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামউদ্দিন বলেন, সন্দেহভাজন আরও একজনের নাম বের হয়ে আসার বিষয়টি তাঁরা পুলিশের মাধ্যমে জেনেছেন। পরে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিবারকে বোঝানো হয়। পরিবার এলাকাবাসীর সঙ্গে একমত হয়। পরে রকিবকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তিনি বলেন, এলাকাবাসীর এমন উদ্যোগের পেছনে ছিল ছাত্র হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, শিক্ষার্থীদের বহনকারী নৌকায় হামলার সময় রকিবও ছিলেন। নৌকার মাঝির স্বীকারোক্তি ও গ্রেপ্তার হওয়া অন্যদের দেওয়া তথ্য থেকে রকিবকে শনাক্ত করা হয়। তিনি জানান, গতকাল রোববার সকালে রকিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে চেঙ্গেরখালে নৌভ্রমণে যাওয়া আট শিক্ষার্থীর ওপর বখাটে-সন্ত্রাসীরা হামলা চালায়। বখাটেদের হাত থেকে ছাত্রীদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন হত্যা মামলা করলে পুলিশ শিক্ষার্থীদের বহনকারী নৌকার মাঝিকে গ্রেপ্তার করে। পরে সন্দেহভাজন ১০ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।