একুশের প্রথম প্রহর গত সোমবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। গতকাল মঙ্গলবার প্রভাতফেরিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। এরপর ফুল দেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পৌরসভার মেয়র মো. ইকরামুল হক প্রমুখ। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের লোকজন শহীদ মিনারে ফুল দেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একুশের প্রথম প্রহরে উপাচার্য ও বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে প্রভাতফেরি হয়। সকাল নয়টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলনকক্ষে ‘চেতনায় একুশ’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
একুশের প্রথম প্রহরে শেরপুর শহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও ভাষাসৈনিকদের সংবর্ধনা দেওয়া হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন ভাষাসৈনিক সৈয়দ আবদুল হান্নান, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকার আয়োজন করে।
টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে জেলা প্রশাসন আলোচনা সভা করে। জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে ভাষাসৈনিক খন্দকার আব্দুল বাকী ও মোশারফ হোসেনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
মির্জাপুরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বইমেলা, চিত্রাঙ্কন, শুদ্ধ বানান ও বিতর্ক প্রতিযোগিতা হয়।
নেত্রকোনায় একুশের প্রথম প্রহরে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান প্রদীপ প্রজ্বালন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ। পরে প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দেয়। বিকেলে মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া কলমাকান্দা উপজেলা পরিষদ-সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন।
জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় শহরের নয়াপাড়া এলাকা থেকে প্রথম আলো বন্ধুসভা শোভাযাত্রা নিয়ে এসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে শহীদ মিনারে মানুষের ঢল নামে।
সরিষাবাড়ীতে সোমবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ময়মনসিংহ অফিস এবং শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, মির্জাপুর, জামালপুর, সরিষাবাড়ী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)