সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার জন্য ছাত্র-জনতার জীবন বিলিয়ে দেওয়ার অবিস্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি ছিল গতকাল সোমবার। এই দিনে জীবন উৎ সর্গ করা সেই অকুতোভয় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাঁদের স্মরণ ও আত্মার মাগফিরাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এই দিনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জোর দাবি জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মৌলভীবাজার: দিবসের প্রথম প্রহরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রেসক্লাব, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কমিউনিস্ট পার্টি, জাসদ, জাসদ ছাত্রলীগ, বাসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সিভিল সার্জন, বিএমএ, বিদ্যুৎ শ্রমিক লীগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কৃষিবিদ ইনস্টিটিউট, জালালাবাদ গ্যাস, পাবলিক লাইব্রেরি, নার্সিং ইনস্টিটিউট, নজরুল একাডেমি, শাহ মোস্তফা কলেজ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে প্রভাতফেরি করে পুষ্পমাল্য অর্পণ করে উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসর, শিশুকানন, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, স্বেচ্ছাসেবক লীগ, জেলা আইনজীবী সমিতি, মানিকগঞ্জ কল্যাণ সমিতি, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি মহিলা কলেজ, মহিলা পরিষদ, আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ব্রিটিশ কাউন্সিল, ই-টাইম কোচিং সেন্টার, সরকারি উচ্চবিদ্যালয়, সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়, গ্রিন হিল ইন্টারন্যাশনাল ইত্যাদি সংগঠন।মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে রাজনগর উপজেলার পাঁচগাঁও গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আইনজীবী বন্ধু গোপাল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিংগুর আদিবাসী পল্লির খাসি মাতৃভাষা শিক্ষাকেন্দ্রের খুদে শিক্ষার্থীরা গতকাল সোমবার কলাগাছ দিয়ে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, অমর একুশে পালন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষ্যে শিক্ষাকেন্দ্রের সামনে খেলার মাঠের একপাশে খুদে শিক্ষার্থীরা মাটিতে ইট বিছিয়ে এর ফাঁকে তিনটি ছোট আকারের কলাগাছ পুঁতে একটি শহীদ মিনার তৈরি করে। গতকাল সকাল ছয়টার দিকে শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় লোকজন ওই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষিকা ববিতা সাংমা প্রথম আলোকে জানান, শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় দিনটি উদ্যাপন করা হয়।বগুড়া: প্রথম প্রহরে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বন্ধুসভা, বগুড়া লেখক চক্র, বগুড়া আর্ট কলেজ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শিশু একাডেমী, উদয়ন শিশু নিকেতনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের খোকন পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানান।রাজশাহী: প্রথম প্রহরে সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা নগরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নগরের কোর্ট শহীদ মিনারে বিভাগীয় কমিশনার আবদুল মান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।খুলনা: প্রথম প্রহরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, খুলনা রেঞ্জ ডিআইজি শেখ হিমায়েত হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তানভীর হায়দার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।বরিশাল: প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হীরন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ তালুকদার মো. ইউনুস, মনিরুল ইসলাম, মিসেস পারভীন তালুকদার, বলরাম পোদ্দার, জেলা বিএনপির পক্ষে মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার পুষ্পার্ঘ্য অর্পণ করেন।ফেনী: প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ফেনী ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।কুমিল্লা: প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান শহরের কান্দিরপাড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন।ফরিদপুর: কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসন, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে কবি জসীমউদ্দীন হলে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্বাধীনতা চত্বরে এবং শহীদ সুফী নাট্যচক্রের উদ্যোগে স্থানীয় অম্বিকা ময়দানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হয়।পাবনা: পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার, জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা ড্রামা সার্কেল, একুশে বইমেলা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রংপুর: রাত ১২টা ১ মিনিটে বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক বি এম এনামুল হক, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন, পৌর মেয়র এ কে এম আবদুর রউফসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ ছাড়া ভাষাসংগ্রামীরা আশরাফ হোসেন বড়দার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।সাতক্ষীরা: প্রথম প্রহরে সাতক্ষীরা সদর আসনের সাংসদ এম এ জব্বার, সাতক্ষীরার জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। নোয়াখালী: প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন (প্রশাসন), জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নোয়াখালীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।