সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে উদীচীর সমাবেশ
সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল মঙ্গলবার বিকেলে চেরাগী পাহাড় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মুশতারী শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সৌমেন দাশ, উদীচীর সহসভাপতি চন্দন দাশ, সুনীল ধর, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, কবি আশীষ সেন, সাংবাদিক বালাগত উল্লাহ, সংস্কৃতিকর্মী হাবিবুল হক।
সমাবেশে বক্তারা বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে আদালতের রায় উপেক্ষিত থেকে যাচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সাইনবোর্ডে ইংরেজি ব্যবহার করা হচ্ছে।
সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব সাইনবোর্ড-ব্যানার বাংলায় লেখা উচিত। এ ছাড়া ভাষার অশুদ্ধ ব্যবহার ও বিকৃত উচ্চারণ বন্ধ করার দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে মিছিল বের করা হয়।
একই দাবিতে ২০ ফেব্রুয়ারি পদযাত্রা ও ২১ ফেব্রুয়ারি সিনেমা প্যালেস চত্বরে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে উদীচী।