মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভাগুলোতে বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাউশির মহাপরিচালক নোমান উর রশীদ এ সময় উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক সংগঠনগুলোও এখানে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপাচার্যের পক্ষে সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও আলাদাভাবে মিনারে ফুল দেয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশন আজিমপুর কবরস্থান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করে।অভিভাবক ঐক্য ফোরামের নেতারা এক আলোচনা সভায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানান। তাঁরা বলেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে।ভাষাশহীদদের স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ঢাকা মহানগর শাখা। এ ছাড়া পুরানা পল্টনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল, জাকের পার্টি, স্বাস্থ্য বিভাগীয় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ পরিবহন হকার্স জোট ও হলি চাইল্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জনতা ব্যাংক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্টামফোর্ড ইউনিভার্সিটি, সোনার বাংলা যুব পরিষদ, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন।