সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সুধীন দাশের অন্তিমযাত্রা

তাঁর কাছে গান শিখে খ্যাতিমান হয়েছেন দেশের অনেক নজরুলসংগীতশিল্পী। অনেকে সহায়তা নিয়েছেন পরোক্ষভাবে। সংগীতজ্ঞ সুধীন দাশের কাছে তাই শিল্পীদের কৃতজ্ঞতা অন্তহীন। তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন গতকাল বৃহস্পতিবার অন্তিমযাত্রার আগে শ্রদ্ধা জানাতে। এসেছিলেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব আর তাঁর অনুরাগীরা।
সুধীন দাশ ৮৭ বছর বয়সে গত মঙ্গলবার পরলোকগমন করেন। তাঁর মরদেহ রাখা হয়েছিল অ্যাপোলো হাসপাতালের হিমঘরে। গতকাল সকালে প্রথমে তাঁর মরদেহ আনা হয় মিরপুরের বাসভবনে। সেখান থেকে তাঁকে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে নেওয়া হয়। এরপর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে। সঙ্গে পরিবারের পক্ষে ছিলেন তাঁর মেয়ে সুপর্ণা দাশ ও জামাতা হাসান মাহমুদ। এখানে তাঁর মরদেহ গ্রহণ করেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম ও ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক ভূঁইয়া। উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান, সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, ইয়াসমিন মুশতারী, ডালিয়া নওশীন, সালাউদ্দীন আহমেদ প্রমুখ। পরে এখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদনপর্ব শুরু হয় বেলা ১১টায়। পুষ্পস্তবক নিবেদনের পাশাপাশি শিল্পী, সংগীত শিক্ষক, সুরকার এবং বিশেষত নজরুল ও লালনের গানের স্বরলিপিকার সুধীন দাশের জীবনের বিভিন্ন দিক এবং তাঁর অবদান নিয়ে মন্তব্য করেন শিল্পী ও বিশিষ্টজনেরা।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নানাজনের নানা কসরতে নজরুলসংগীতের সুর বিকৃত হতে হতে যখন প্রায় বিলুপ্ত হতে যাচ্ছিল, তখন সুধীন দাশ আদি গ্রামোফোন রেকর্ড থেকে শুদ্ধ সুরের স্বরলিপি তৈরি করে নজরুলের গানের শুদ্ধতা রক্ষা করেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, সুধীন দাশ সাংস্কৃতিক আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন, তার দেখানো পথ পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মফিদুল হক, শিল্পী শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ, খুরশীদ আলম, ফকির আলমগীর, সুবীর নন্দী, ইন্দ্রমোহন রাজবংশী, লীনা তাপসী খান, লাইসা আহমেদ লিসা, বুলবুল ইসলাম, ফেরদৌস আরা, ফরিদুর রেজা সাগরসহ অনেকে শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি। ছিল সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, নজরুল একাডেমি, ছায়ানট, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নজরুলসংগীত শিল্পী সংস্থা, নজরুলসংগীত শিল্পী পরিষদ, বাংলাদেশ বেতার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর, কেন্দ্রীয় খেলাঘর আসর, মুক্তিযুদ্ধ জাদুঘর, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন।
শহীদ মিনারে মরদেহ আনা হলে স্বাগত বক্তব্য দেন শিল্পী বিশ্বজিৎ রায়। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ। শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনপর্ব পরিচালনা করেন মানজার চৌধুরী। পরে পোস্তগোলা মহাশ্মশানে সুধীন দাশের শেষকৃত্য সম্পন্ন হয়।
নাগরিক স্মরণসভা
সুধীন দাশের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরিক স্মরণসভার আয়োজন করেছে নজরুল ইনস্টিটিউট। গতকাল শহীদ মিনারে ঘোষণা করা হয় ৬ জুলাই বিকেল চারটায় নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এ স্মরণসভা হবে।