সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়
পয়লা বৈশাখ বুধবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানের পরিবেশ ছিল উৎসবমুখর।অনুষ্ঠান শুরু হয় আবাহনসংগীত ‘এসো হে বৈশাখ, এসো এসো’ দিয়ে। উপস্থিত সবাইকে পিঠা, মুড়ি ও খইসহ দেশীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। গণভবন চত্বর ছিল শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত। প্রধানমন্ত্রীর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দলীয় নেতা ও সাংসদ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক এবং সর্বস্তরের মানুষ। সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী এসে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। অন্যদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, দলের উপদেষ্টা পরিষদ, মন্ত্রিসভার সদস্য ও সাংসদেরা তাঁকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ‘আসুন আমরা সকলে দুঃখ-কষ্ট ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি।’ আওয়ামী লীগের শোভাযাত্রা: নববর্ষকে বরণ করতে বুধবার সকালে রাজধানীতে আওয়ামী লীগ শোভাযাত্রা বের করে। এটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরাসহ হাজারো মানুষ অংশ নেন। রং-বেরঙের পোশাকে সজ্জিত সব বয়সের মানুষ হাঁটা ছাড়াও মোটরসাইকেল, ঘোড়া ও গরুর গাড়িসহ বিভিন্ন যানবাহনে চড়ে শোভাযাত্রায় যোগ দেন। কেউ চড়েছেন হাতিতেও! প্রায় সবার হাতেই ছিল রঙ-বেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও আবহমান বাংলার ঐতিহ্যের নানা উপকরণ। এ ছাড়া ছিল দলীয় প্রতীক নৌকা।