মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল বুধবার সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুর: বিকেলে শহরের রঘুনাথ বাজারে বঙ্গবন্ধু স্কয়ারে জাগ্রত তরুণ প্রজন্ম, শেরপুরের উদ্যোগে সমাবেশ হয়েছে। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। পরে বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, জেলা শাখার শিল্পীসহ স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন। মির্জাপুর (টাঙ্গাইল): বিকেলে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ হয়েছে। সমাবেশে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার দুর্লভ বিশ্বাস, আওয়ামী লীগের নেতা মীর শরীফ মাহমুদ, সাহাদৎ হোসেন প্রমুখ। সন্ধ্যায় একই স্থানে গণসংগীতের আয়োজন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা): বেলা ১১টায় গন্ডা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠের শহীদ মিনার চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়ায় এলাকার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এতে শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষও অংশ নেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সবার কণ্ঠে ভেসে ওঠে, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।’ অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিবাদী কবিতা আবৃত্তি, গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।