সর্বস্ব হারিয়ে দিশেহারা তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকে ঘোষণা দিয়ে গত রোববার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার বাক সিতারামপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর ও লুটপাট করা ঘরের সামনে ছড়িয়ে-ছিটিয়ে জিনিসপত্র পড়ে থাকার এ দৃশ্য গতকাল ধারণ করেন এম সাদেক
মাইকে ঘোষণা দিয়ে গত রোববার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার বাক সিতারামপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর ও লুটপাট করা ঘরের সামনে ছড়িয়ে-ছিটিয়ে জিনিসপত্র পড়ে থাকার এ দৃশ্য গতকাল ধারণ করেন এম সাদেক

স্বামী হরিলাল দাস থাকেন বাহরাইনে। তিন মেয়েকে নিয়ে একটি দোচালা টিনের ঘরে জ্যোৎস্না বালার (৩৫) বসবাস। গত রোববার জোহরের নামাজের পর হঠাৎ জ্যোৎস্না বালা দেখতে পান, শত শত লোক লাঠিসোঁটা নিয়ে ধানি জমির আইল দিয়ে তাঁদের বাড়ির দিকে আসছে। সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে তিন মেয়েকে নিয়ে বাড়ির পাশের শাখা নদ তিতাস অতিক্রম করে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে আশ্রয় নেন। ধ্বংসযজ্ঞ শেষ হওয়ার পর বাড়িতে ফিরে দেখেন, তাঁর ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হয়ে গেছে। ঘরের ধান-চাল রাখার মটকি ভেঙেচুরে একাকার। দায়ের কোপে ঘরের বেড়া ক্ষতবিক্ষত।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ধ্বংস-স্তূপের মধ্যে ‘পাথর’ হয়ে বসে আছেন জ্যোৎস্না বালা। তাঁর চোখে পানি। অজানা আতঙ্কের ছাপ মুখজুড়ে।
শুধু জ্যোৎস্না বালা নন, কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাক সিতারামপুর গ্রামের প্রত্যন্ত পল্লি দাসবাড়ির ঘরে ঘরেই এখন আতঙ্ক। প্রতিটি ঘরেই ধ্বংসস্তূপের চিহ্ন।
অনিল চন্দ্র দাসের ঘরের পাশেই শ্রীশ্রীরাধা-কৃষ্ণ মন্দির ও কালিচরণ গোস্বামীর সমাধি মন্দির। ওই মন্দিরের সব থালা-বাসন উঠানে। সব নষ্ট করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে মন্দিরের ভেতরেও।
যে কারণে হামলা: এলাকাবাসী জানান, গত শনিবার বাক সিতারামপুর গ্রামের দুই হিন্দু যুবক ফেইসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করে কিছু কথা পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শনিবার বাক সিতারামপুর গ্রামের বাসিন্দা ও চান্দেরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাঈম মোল্লার সভাপতিত্বে এক সালিস বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। রোববার দুপুরে পুনরায় বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করেই জোহরের নামাজের পর মাইকিং করে মানুষ জড়ো করা হয়। এরপর তাঁরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে এগোতে থাকেন। একই সঙ্গে মুরাদনগর উপজেলার বাহেরচর, পাঁচকিত্তা, মীর্জাপুর, হোমনা উপজেলার চান্দেরচর, রামপুর, সিতারাম, বালুয়াকান্দি, চানপুর, মস্তাপুর, নাগেরচর, বিটিকান্দা, তাঁতুয়াকান্দি ও মাইরচর এলাকা থেকেও লাঠি, দা ও ছেনি নিয়ে দাসবাড়িতে হামলা চালায়। একসঙ্গে এত লোককে আসতে দেখে দাসবাড়ির নারী, পুরুষ ও শিশুরা সবাই সবকিছু ফেলে পালিয়ে যায়। কেউ কেউ বাক সিতারামপুর গ্রামের মুসলমান ঘরে আশ্রয় নেন। এরপর হিন্দু সম্প্রদায়ের লোকজন বাড়ি ফিরে ফেইসবুকে কটূক্তিকারী হিসেবে সন্দেহভাজন দুই যুবককে পুলিশের হাতে তুলে দেন।
এখনো থমথমে: বাক সিতারামপুর দাসবাড়িতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
হোমনা থানার ওসি আসলাম শিকদার বলেন, এ হামলার ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে।