সর্বস্বান্ত হকারদের পুনর্বাসনের দায়িত্ব খালেদার: মেনন

হেফাজতে ইসলামের তাণ্ডবে সর্বস্বান্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসনের দায়িত্ব বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে নিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।তোপখানা রোডের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মেনন সরকারকেও ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, হেফাজতের মোড়কে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে। তারা রাস্তার দুই পাশের ফুটপাতে রাখা হকারদের দোকানগুলো পুড়িয়ে দিয়েছে। বিজয়নগরের রাস্তার মাঝখানের গাছগুলো করাত দিয়ে কাটা হয়েছে। গান পাউডার দিয়ে কমিউনিস্ট পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা নিয়ে গেছে। লুট করার চেষ্টা করেছে বায়তুল মোকাররমের সোনার দোকানগুলো।