সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ব্যবসায়ী ও চাকরিজীবীদের ফোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে শিশুদের অপহরণ করা হবে বলে সর্বহারা ও জনযুদ্ধের কমান্ডার পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাটের ব্যবসায়ী ও চাকরিজীবীদের ল্যান্ডফোন ও মুঠোফোন নম্বরে ফোন করে জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার এবং সর্বহারা সংগঠনের সদস্য পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে এক সপ্তাহ ধরে। সংগঠনের আহত, অসুস্থ ও বন্দী নেতাদের চিকিৎসা ও জামিনের জন্য বিপুল অঙ্কের টাকা প্রয়োজন বলে ফোনে দাবি করা হচ্ছে। ব্যবসায়ী তাজ চৌধুরী, হারুনুর রশিদ, জনতা ব্যাংকের জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, পাঁচবিবি শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান, জয়পুরহাট শাখার ব্যবস্থাপক গাজী হাসান মোস্তফাসহ অর্ধশত ব্যবসায়ী-চাকরিজীবীকে ফোন করে টাকা দাবি করা হয়েছে। বিভিন্ন হুমকির মুখে নিজ নিজ শিশুসন্তানদের নিয়ে অনেকে উদ্বেগের মধ্যে পড়েছেন জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও মজিবর রহমান। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, তিনি শিশুসন্তানদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না। সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী নিখিল চন্দ্র মণ্ডল বলেন, তাঁকে ১৬ জুলাই ফোন করে এক ব্যক্তি নিজেকে সর্বহারা সদস্য তপন শিকদার পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সন্তানদের অপহরণ ও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।ফোনে চাঁদা দাবির বিষয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, এ ব্যাপারে অনেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।