সর্বহারা পার্টির ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার ঢালারচরে তিন পুলিশ হত্যা মামলায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলার সর্বহারা পার্টির ২০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের এক বছর চার মাস পর গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা বেড়া থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম পাবনার আমলি আদালত-৪ এ অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ২০ জনের মধ্যে দুজন সর্বহারা পার্টির অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন। ১১ জন পাবনা কারাগারে এবং সাতজন পলাতক রয়েছেন। কারাবন্দীদের মধ্যে ছয়জন হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বছরের ২০ জুলাই ঢালারচর পুলিশ ফাঁড়ির চারজন পুলিশ একজন সোর্স নিয়ে পাশের মাসুন্দিয়া ইউনিয়নের রাজধরদিয়া বাজারে খড়ি (জ্বালানি কাঠ) কিনতে গেলে চরমপন্থীরা তাঁদের গুলি করে। এতে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও সেপাই শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া কনস্টেবল রশীদুল ইসলাম বাদী হয়ে ওহাব কাজী নামের একজনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে বেড়া থানায় হত্যা মামলা করেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চরমপন্থীরা দীর্ঘদিন ধরে দুর্গম ঢালারচরের লোকজন ও ঠিকাদারদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করে আসছিল। এতে বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়। হত্যাকাণ্ডের দিন সকালে পূর্ববাংলার সর্বহারা পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল খালেক ওরফে গেদু ও জাহিদ ওরফে নিস্তারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে ঢালারচরের পুরাতন বোর্ড কার্যালয়ের পাশে বৈঠক করে। বৈঠকে পুলিশকে যেকোনোভাবে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন রাত আটটার দিকে ঢালারচর পুলিশ ফাঁড়ির চারজন পুলিশ রাজধরদিয়া বাজারে গেলে চরমপন্থীরা গুলি করে তিন পুলিশ সদস্যকে হত্যা করে। হত্যাকাণ্ডে মোট ১৮ জন অংশ নেয় এবং এতে অত্যাধুনিক ও দেশি ১০টির মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল বলেন, ‘সেদিনের হত্যাকাণ্ডে আবদুল খালেক, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম, আইয়ুব আলী, নিজাম ফকির, আক্কাস আলী, রফিকুল ইসলাম ওরফে জইট্যা রফিক, কানা আলম, শুকুর আলী সরদারসহ ১৮ জন সরাসরি অংশ নেয়। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও সহায়তাকারী ছিলেন জাহিদ ওরফে নিস্তার এবং ইউনুস মোল্লা।’যোগাযোগ করা হলে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’