জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছে ফোরাম। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মবিরতি শুরু হলো।
গত বুধবার সাধারণ শিক্ষক ফোরাম সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে কর্মবিরতির ঘোষণা দেয়। ফলে গত বৃহস্পতিবার অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছে। তাই প্রায় সব বিভাগেই শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। কর্মবিরতির কারণে গতকাল অধিকাংশ বিভাগে স্বাভাবিক ক্লাস-পরীক্ষা হয়নি। অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে এসে ফিরে যেতে দেখা গেছে।
আন্দোলনের কর্মসূচি হিসেবে র্কমবিরতির ফলে শিক্ষার্থীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন প্রশ্নের জবাবে শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহমঞ্চদ হানিফ আলী বলেন, এটা দেখবেন উপাচার্য। তিনি কেন কিছু করতে পারছেন না।
উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘তদন্ত কমিটি কাজ করছে। এর মধ্যে তাঁরা কীভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন।’
এদিকে উপাচার্যের অধীনে কোনো সভায় যোগ দেবেন না—আন্দোলনকারী শিক্ষকদের এমন ঘোষণার ফলে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করেছে ২ থেকে ৯ নভেম্বর। কিন্তু এরপর কয়েক দফায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা স্থগিত করা হয়েছে।
সর্বশেষ ২৬ সেপ্টেম্বর সহ-উপাচার্য অধ্যাপক এম এ মতিনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। অফিস আদেশের মাধ্যমে সভাপতিত্বের দায়িত্ব সহ-উপাচার্যকে দেওয়া হয়নি এমন অভিযোগে এ সভা বয়কট করেন তিনজন ডিন। তাঁরা হলেন কলা ও মানবিকী অনুষদের অধ্যাপক সৈয়দ মোহমঞ্চদ কামরুল আহছান, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের অধ্যাপক মো. আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মো. আমির হোসেন এবং আইন অনুষদের অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
এ বিষয়ে উপাচার্য বলেন, উপাচার্য মৌখিকভাবে আদেশ দিতে পারেন। এটা অবৈধ নয়।
এদিকে কর্মবিরতির প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করে শিক্ষকেরা অনৈতিকভাবে যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁর প্রতিবাদে তিনি ক্লাস নিচ্ছেন।