গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১২ দিন পর গ্রেপ্তার হওয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল ইসলাম ওরফে ডিশ লিটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন।
রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ।
নিখোঁজের ১২ দিন পর গত সোমবার পুলিশ রেজাউল ইসলামকে গ্রেপ্তার দেখায়। তাঁর পরিবারের অভিযোগ ছিল, ১৩ জানুয়ারি সুন্দরগঞ্জ থানার পুলিশ সাদাপোশাকে তাঁকে তুলে নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ দুপুরে মোবাইলে প্রথম আলোকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, ইউপির সদস্য রেজাউলকে পুলিশ তুলে নিয়ে যায়নি। সাংসদ হত্যার ঘটনায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম খুন হন।