সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ২০১৫-১৬ অর্থবছরের সর্বোচ্চ করদাতাদের গতকাল বৃহস্পতিবার সম্মাননা দেওয়া হয়েছে। একই দিন আয়কর সপ্তাহ উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গতকাল বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চল এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সার্কেলের সর্বোচ্চ করদাতা মোল্লা সল্ট ও ক্রাউন সিমেন্টের মালিক খবির উদ্দিন মোল্লাকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। তিনি অসুস্থ থাকায় তাঁর সম্মাননা গ্রহণ করেন ছেলে মিজানুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে শামীম ওসমান ছাড়াও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী।

রেজাউল করিম চৌধুরী জানান, কর অঞ্চলের ১২টি সার্কেলে অন্যান্যের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আসাদুল ইসলাম, হাসান আহমেদ, মো. আব্দুল লতিফ, নারায়ণগঞ্জ জেলায় খবির উদ্দিন মোল্লা, মোল্লা মো. মজনু, মাওলানা মো. সালেম, মুন্সিগঞ্জ জেলায় মো. নজরুল ইসলাম, তাসলিমা ইসলাম ও মো. ইউনুস আলী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জোনে মহিলা সর্বোচ্চ করদাতা নুর জাহান আহমেদ, জেলায় নাসরিন ওসমান, মুন্সিগঞ্জে মরিয়ম দেওয়ান, তরুণ করদাতা হলেন সাহিদুর রহমান, মো. রুহুল আমিন ও মো. আল আমিন।

 রেজাউল করিম আরও জানান, ৩০ নভেম্বর ২০১৬-১৭ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। করদাতাদের সব সেবা দেওয়ার জন্য এখানে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।