সর্বোচ্চসংখ্যক প্রার্থী মাধ্যমিক পাস
পঞ্চগড় পৌরসভায় মেয়র, কাউন্সিলর মিলিয়ে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র ছাড়া বাদবাকিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী মাধ্যমিক পাস। এ সংখ্যা ১৩ জন। আর স্নাতক পাস প্রার্থী আছেন মাত্র চারজন। এ ছাড়া মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি এমন আছেন ১১ জন, উচ্চমাধ্যমিক পাস আছেন নয় ও স্বশিক্ষিত নয়জন। প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এ পৌরসভায় এবার মেয়র প্রার্থী আছেন চারজন, কাউন্সিলর ৩৪ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। মেয়র পদের চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের জাকিয়া খাতুন স্নাতকোত্তর, বিএনপির তৌহিদুল ইসলাম এসএসসি, জাসদের আবদুল মজিদ এইচএসসি এবং জেলা জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক কামিল পাস। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১২ জনের মধ্যে ছয়জনই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। তাঁদের মধ্যে অষ্টম শ্রেণি পাস পাঁচজন, নবম শ্রেণি একজন, এসএসসি একজন, এইচএসসি তিনজন এবং স্বশিক্ষিত দুজন প্রার্থী আছেন। এদিকে কাউন্সিলর প্রার্থী ৩৪ জনের মধ্যে স্নাতক পাস চারজন, এইচএসসি ছয়জন, মাধ্যমিক ১২ জন, অষ্টম শ্রেণি পাস পাঁচজন এবং স্বশিক্ষিত সাতজন প্রার্থী আছেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা হয় পঞ্চগড় শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে। ব্যবসায়ী নাসিরুল কাদের বলেন, জনপ্রতিনিধি হতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ঠিকই। কিন্তু পৌরসভায় বসবাসকারী বেশির ভাগ মানুষই শিক্ষিত। জনপ্রতিনিধিদের এসব মানুষের সঙ্গেই কাজ করতে হবে। তাই জনপ্রতিনিধিদের শিক্ষিত হওয়া দরকার। তা ছাড়া পড়াশোনা একেবারে না থাকলে অনেক সময় সরকারি নিয়মকানুন, চিঠিপত্র পড়ে নিজে সিদ্ধান্ত নিতেও অসুবিধায় পড়তে পারেন তাঁরা।
বেসরকারি উন্নয়ন সংগঠন ‘পরস্পরের’ নির্বাহী পরিচালক আকতারুন নাহার বলেন, জনপ্রতিনিধিদের নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন না থাকলেও দেখে-শুনে-পড়ে-বুঝে সিদ্ধান্ত নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও জ্ঞান থাকা দরকার।