সর্বোচ্চ গুরুত্ব জ্বালানি ও বিদ্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো এবং আবারও জ্বালানি ও বিদ্যুত্ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চূড়ান্ত করা হয়েছে আওয়ামী লীগের আগামী নির্বাচনী ইশতেহারের খসড়া।
জানা গেছে, কয়েক দিনের মধ্যেই এই ইশতেহার দলীয় প্রধান শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে। এরপর ঠিক করা হবে নির্বাচনী স্লোগান। ইশতেহার প্রণয়নে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইশতেহার প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্যতম ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইশতেহারের খসড়া চূড়ান্ত করা হচ্ছে। যেসব খাত সমাজে সুফল বয়ে আনবে, সেসব খাতকে ইশতেহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মশিউর রহমান বলেন, ‘কিছুদিনের মধ্যেই আমরা খসড়া পেশ করব। এরপর দলের প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী দলীয় স্লোগান ঠিক করবেন।’ তবে কবে নাগাদ এ খসড়া পেশ করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

যেসব খাত ইশতেহারে গুরুত্ব পাচ্ছে

দুর্নীতি রোধ, দারিদ্র্য বিমোচন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, তথ্য ও প্রযুক্তি উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন ও দক্ষ মানবশক্তি গড়ে তোলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে এবারের ইশতেহার তৈরির কাজ চলছে।

এগুলো নিয়ে কাজ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ উপদেষ্টা মশিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিনসহ একটি বিশেষজ্ঞ দল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য প্রথম আলো ডটকমকে জানান, ২০০৮-এর মতো এবারও ২০২১ সালকে লক্ষ্য করেই উন্নয়ন পরিকল্পনা স্থির করা হবে। ২০০৮ সালে যেসব পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, এর মধ্যে যেগুলো অর্জিত হয়েছে বলে মনে করা হয়, সেসব জায়গায় সংযোজন-বিয়োজন করা হবে।

এ বিষয়ে নূহ উল আলম লেনিন বলেন, গতবারের ইশতেহারে ২০২১ সাল পর্যন্ত একটি নির্দেশনা দেওয়া রয়েছে। বর্তমানে বিভিন্ন খাতে সরকার যে উন্নয়ন করেছে, সেগুলো অব্যাহত রাখতে জনগণের কাছে ভোট চাওয়া হবে। তিনি জানান, উন্নয়নের অঙ্গীকার ও ধারাবাহিকতা দরকার। বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচার চলানো হবে বলে জানান তিনি।

তরুণদের জন্য বিশেষ সুবিধা

এবারও তরুণদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। এ ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্য করার অঙ্গীকার করা হবে। বিদ্যুত্, জ্বালানি ও কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হবে। সেগুলো বাস্তবায়নের রূপরেখা দেওয়া হবে ওই ঘোষণায়।

তরুণদের এই বিষয়গুলো মূলত দেখবেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। ইতিমধ্যে তিনি ফেসবুকে তাঁর ফ্যানপেজে ইন্টারনেটের গতি বৃদ্ধি ও এর দাম কমানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সজীব ওয়াজেদের আস্থাভাজন আওয়ামী লীগের একজন নেতা জানান, জয় তরুণ হওয়ায় তরুণদের সুবিধার বিষয়টি দেখবেন। তরুণদের কী কী সুবিধা দেওয়া যায়, সে বিষয়ে ফেসবুকের ফ্যানপেজের মাধ্যমে ঘোষণা দেবেন তিনি।

তুলে ধরা হবে অর্জন

যুদ্ধাপরাধীদের বিচার শুরু, যানজট নিরসনে রাজধানীতে উড়ালসেতু নির্মাণ, সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত, দারিদ্র্য বিমোচন, জনশক্তি রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন, হাতির ঝিলের উন্নয়ন, সবার জন্য শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ, আন্তর্জাতিক সম্মাননা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সম্পন্ন, নারীর ক্ষমতায়ন এবং সমুদ্রসীমা বিজয়ের মতো সাফল্য গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রচার উপকমিটিকে।

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের ১৫টি দল দেশের বিভিন্ন জেলা সফরে সরকারের এসব অর্জন তুলে ধরেছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার উপকমিটির সদস্য বলেন, ‘আমাদের ওপর নির্দেশ ছিল সরকারের উন্নয়নের প্রচার করা। আমরা বিভিন্ন এলাকা সফর করে সেটা প্রচার করেছি।’ এগুলো আগামী ইশতেহারে যুক্ত করা হবে বলে জানান তিনি।