সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আ.লীগ: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভবনে তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি উভয়ই সংলাপ চায়। এ মুহূর্তে সংলাপ করতে কার উদ্যোগ নেওয়া উচিত, এ প্রসঙ্গে হানিফ সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘সংসদ হচ্ছে আলোচনার উত্তম জায়গা। আগামীকাল সংসদের অধিবেশন বসছে। এই অধিবেশনে তারা যদি রূপরেখা দেয়, তাহলে সেখানে আলোচনা হবে। এ জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরও যদি তারা প্রস্তাব দেয়, তখনো আলোচনা হতে পারে।’
সংসদকে বিতর্কের জায়গা বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের কঠোর সমালোচনা করে হানিফ বলেন, ‘তাঁর নিকট থেকে এ ধরনের মন্তব্য তাঁর অজ্ঞতা ও অদূরদর্শিতা কি না, বুঝতে পারছি না। আমরা মনে করি, সংসদেই আলোচনা হতে পারে। সেখানেই সব বিষয়ের সমাধান হতে পারে।’

‘শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে যাবে না বিএনপি’—বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন হুঁশিয়ারি প্রসঙ্গে হানিফ বলেন, ‘সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। আশা করি, বিএনপি তাতে অংশ নেবে। গত সাড়ে চার বছরে বহু হুমকি দেখেছি। হুমকি দিয়ে লাভ নেই।’

‘নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের চাপ এড়াতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী’—গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এমন মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘বর্তমান সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে, তাতে বিদেশিদের নিকটে চাপে থাকার কথা নয়। তারা যখনই বাংলাদেশে এসেছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছে। গত সাড়ে চার বছরে তিনি কারও নিকট মাথা নত করেননি। কারণ, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা।’

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশে জঙ্গিবাদের উত্থান ও দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগ দেননি বলে তথ্য দেন হানিফ। তিনি বলেন, চলমান সংকট নিরসনে যে আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছিল, বিরোধী দলের এ ধরনের অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য সেই পরিবেশকে নষ্ট করে দিতে পারে। কারও ভয়ে নয়, জাতীয় নির্বাচন ও দলীয় কাজে ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী এই অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন তাঁর যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশ সীমান্তে ভারতের ড্রোন মোতায়েনের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, ‘যেকোনো দেশ তার সীমান্ত পর্যবেক্ষণের পদক্ষেপ নিতে পারে। কিন্তু সেটি প্রতিবেশী দেশের জন্য হুমকি হলে তা গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারতের নিকট এ বিষয়ে জানতে চেয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি।’