সর্বোচ্চ ভোট পেলেন এক প্রার্থী, বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুল বারীর প্রতীক ছিল মোরগ। সে অনুযায়ী পোস্টার, ব্যানার, লিফলেটসহ গণসংযোগ করেন তিনি। গত শনিবার ভোট গ্রহণের পর মোরগ মার্কায় সর্বোচ্চ ভোট পড়ে ৪০৫টি। কিন্তু জয়ী ঘোষণা করা হয়েছে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই ওয়ার্ডে মোরগ মার্কার কোনো প্রার্থী না থাকায় এই ভোট বাতিল করা হয়েছে। আর আবদুল বারীর প্রতীক ঘুড়ি।সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।জানা যায়, পূর্ব পাগলা ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির। ৩ জুন তিনি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদপ্রার্থী ছিলেন পাঁচজন। এর মধ্যে আবদুল বারী একাই মোরগ প্রতীক চাইলে তাঁকে ওই কর্মকর্তার স্বাক্ষরিত কাগজে মোরগ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।আবদুল বারী বলেন, নির্বাচনে তিনি মোরগ প্রতীক নিয়ে গণসংযোগ করেন। নির্বাচনের দিন মোড়ক প্রতীকের এজেন্ট হিসেবে তাঁর লোকদের দায়িত্ব পালনের লিখিত অনুমতিও দেওয়া হয়। ভোট গণনা শেষে দেখা যায়, মোরগ প্রতীক পেয়েছে ৪০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহির আলীর ফুটবল মার্কা পায় ২৯৫ ভোট। আর ঘুড়ি প্রতীক পেয়েছে চার ভোট।আবদুল বারী অভিযোগ করেন, গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ফল ঘোষণা করতে দেরি করলে তিনি এর কারণ জানতে চান। তখন তাঁকে জানানো হয়, মোরগ মার্কা নিয়ে একটু ঝামেলা আছে। এর পর উপজেলা সদর থেকে জাহির আলীকে জয়ী ঘোষণা করা হয়।আবদুল বারী বলেন, ‘আমি ছাড়া অন্য কোনো প্রার্থী মোরগ মার্কা চায়নি। আমাকে রিটার্নিং কর্মকর্তা মোরগ প্রতীক বরাদ্দ দিয়েছেন। এখন বলছেন, আমার প্রতীক নাকি ঘুড়ি। আমার কাছে ওই কর্মকর্তার স্বাক্ষর করা প্রতীক বরাদ্দ রয়েছে। ভুল করলে তিনি করেছেন, আমি কেন এর খেসারত দেব?’এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মীর আলী শাকির প্রতীক বরাদ্দের কপিতে তাঁর স্বাক্ষর থাকার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই রকম কাগজ তো আমি অনেকজনকে দিয়েছি। আমার কাছে যে কাগজপত্র আছে, সে অনুযায়ী তাঁর প্রতীক ঘুড়ি। ভুল আসলে আবদুল বারী করেছেন। তিনি পরে আরেকবার এসে দেখে যেতে পারতেন।’আবদুল বারী একাই এবং একমাত্র মোরগ প্রতীকই চেয়েছিলেন, তাহলে ঘুড়ি প্রতীক এলো কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে আইন-আদালত হতে পারে। আর কোনো মন্তব্য করতে পারব না।’ নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া তিনি ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নাম জানাতেও অস্বীকৃতি জানান।