সর্বোচ্চ মূসক প্রদানকারী চট্টগ্রামের সাত প্রতিষ্ঠানকে সম্মাননা
চট্টগ্রামে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) প্রদানকারী সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানাল চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গতকাল মঙ্গলবার জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে নগরের আগ্রাবাদ হোটেলে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম এই সাতটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানান। এ সময় সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, কনকর্ড এন্টারটেইনমেন্ট, পারফেটি ভ্যানজেলী বাংলাদেশ লিমিটেড, চিটাগাং এশিয়ান পেপারস মিলস লিমিটেড, আপন গার্ডেন কমিউনিটি সেন্টার, গ্রীন লাইন পরিবহন ও বান্দরবানের পর্যটন হোটেল মেঘলা। এসব প্রতিষ্ঠানের পক্ষে ক্রেস্ট নেন যথাক্রমে নাজিমুদ্দিন হেলালী, অনুপ কুমার সরকার, নাহিদুল আলম চৌধুরী, মো. ইয়াকুব, প্রণব চৌধুরী, মো. আলাউদ্দিন এবং মো. হুমায়ুন কবীর। উৎপাদন, সেবা ও ব্যবসা—এই তিন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ভারপ্রাপ্ত কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী প্রমুখ। সভায় মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন। সভায় প্রধান অতিথি এ বি এম আবুল কাসেম নিজেরা মূসক দেওয়ার পাশাপাশি অন্যদেরও মূসক দেওয়ার জন্য উৎসাহিত করার আহ্বান জানান। এর আগে সকালে আগ্রাবাদে সরকারি কার্য ভবন-১ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।