সর্বোচ্চ শাস্তি প্রত্যাশিত ছিল: ইমরান
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি হবে এটা প্রত্যাশিত ছিল। আজ চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায় দ্রুত কার্যকর করতে হবে।
মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ের মধ্য দিয়ে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো। রায়ের পর এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান এইচ সরকার প্রথম আলোকে এসব কথা জানান।
বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চ আনন্দমিছিল বের করে। দোয়েল চত্বর হয়ে মিছিলটি আবার শাহবাগে গিয়ে শেষ হয়। ইমরান এইচ সরকার জানান, বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে হরতালবিরোধী মিছিল বের করবে গণজাগরণ মঞ্চ। অবস্থান কর্মসূচি এবং হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ‘আলবদর বাহিনীর প্রধান সংগঠক’ ছিলেন। গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আনা সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ (১, ২, ৩, ৪ ও ৭) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। তবে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। চলতি বছরের ৫ জুন থেকে আপিলের শুনানি শুরু হয়। ১৬তম দিনে ১৭ সেপ্টেম্বর শুনানি শেষ হয়। ওই দিন আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এর এক মাস ১৬ দিনের মাথায় আজ কামারুজ্জামানের করা আপিলের রায় ঘোষণা করা হলো। এটি আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলার তৃতীয় রায়।