
বিশ্বজিৎ দাস হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন গতকাল বুধবার শেষ হয়েছে। একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন সরকারি কৌঁসুলি (পিপি)।|
রাষ্ট্রপক্ষের পর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনও গতকাল শুরু হয়। আসামিপক্ষের বাকি যুক্তিতর্কের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষে পিপি এস এম রফিকুল ইসলাম বিশ্বজিৎ হত্যার ঘটনার পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, আসামিরা কে, কীভাবে বিশ্বজিৎকে পিটিয়েছেন, কুপিয়েছেন, রাষ্ট্রপক্ষ সে বিষয়ে আদালতে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওচিত্রের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। তদন্ত কর্মকর্তাসহ ৩২ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আসামিদের দায় এড়ানোর সুযোগ নেই। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন পিপি।
এরপর আসামি রাশেদুজ্জামানের আইনজীবী সৈয়দ শাহ আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আরেক আসামি কাইয়ূমের পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় এই মামলায় কারাগারে আটক আট আসামিকে হাজির করা হয়। এখনো ১৩ জন আসামি পলাতক।
গত বছর ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নিরীহ দরজি দোকানি বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।