ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ উপ-সংরক্ষণাগারে একটি খালি ব্যাগ নিয়ে ঢুকলেন এক তরুণ। কিছুক্ষণ পর বের হলেন ভরা ব্যাগ নিয়ে। আর এতেই সন্দেহ হয় দায়িত্বরত আনসার সদস্যের। তিনি তাঁকে আটক করে ব্যাগটি খুলে দেখেন ব্যাগভর্তি সব সরকারি ওষুধ!ঘটনাটি নিছক চুরির ঘটনা বলেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু মোটরসাইকেলটি হাসপাতালের ওষুধ উপ-সংরক্ষণাগারের এক কর্মচারীর বলে জানার পর গোল বাঁধল। ওষুধগুলো তাঁকে ব্যাগে ভরে দিয়েছেন আরেক কর্মচারী। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল সোমবার তরুণ হোসেনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপ-সংরক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত মজিবুর ও কর্মচারী খেলাফতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। তরুণ হোসেন জানান, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দশানাপাড়া গ্রামে। তিনি লালবাগে একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। সেখানে মজিবুর কাপড় নিয়ে আসতেন বলে তাঁর সঙ্গে পরিচয়। এক সপ্তাহ আগে মজিবুর তাঁকে হাসপাতালে দৈনিক ১০০ টাকা মজুরিতে ওষুধভর্তি কার্টন ও স্যালাইন বহনের কাজ দেন। হাসপাতালে এসে পরিচয় হয় খেলাফতের সঙ্গে। তরুণ জানান, তিনি গতকাল সকাল নয়টায় হাসপাতালের ওষুধ উপ-সংরক্ষণাগারে এলে খেলাফত তাঁর হাতে একটি ব্যাগ দেন। কিছুক্ষণ পর মজিবুর এসে তাঁকে মোটরসাইকেলের চাবি দিয়ে ফটকে গিয়ে দাঁড়াতে বলেন। ব্যাগে কী ছিল তা তিনি জানতেন না।তবে দায়িত্বরত আনসার মিজানুর রহমান বলেন, সকাল সোয়া ১০টার দিকে তরুণ একটি খালি ব্যাগ নিয়ে উপ-সংরক্ষণাগারের পাশে একটি বেঞ্চিতে বসেন। কিছুক্ষণ পর মজিবুর ও অন্য একজন এলে এক জায়গায় ব্যাগটি রেখে তরুণ তাঁদের সঙ্গে কথা বলেন। পরে ওই লোকটি ভেতরে যান। এরপর তরুণ ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠেন। তাঁকে আটক করার পর সটকে পড়েন মজিবুর ও অন্যজন।হাসপাতাল সূত্র জানায়, ব্যাগ তল্লাশি করে তিন ধরনের ওষুধ পাওয়া গেছে। ওইগুলো হলো—৬৫০টি ক্লক্সাসিলিন, ২৯৫টি লিভোফ্লক্সাসিন এবং ২০০টি অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। সবগুলোই ৫০০ এমজি। এগুলোর মূল্য প্রায় ১২ হাজার টাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক জানান, ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।