সলঙ্গা ও নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানাধীন বুড়িবাড়ী এলাকায় গত সোমবার রাতে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। পরদিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের চালক নিহত হয়েছেন।সলঙ্গায় নিহত ট্রাকচালক আফজাল হোসেনের (৩৫) বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার হাটনগর গ্রামে। ওই দিন রাত সোয়া নয়টার দিকে বুড়িবাড়ী এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী চালবাহী একটি ট্রাকের সামনের চাকা ফেটে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকের চালক আফজাল হোসেন মারা যান। তাঁর সহকারীসহ ট্রাকে থাকা তিনজন আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাচোলে নিহত বাসের চালক সাজ্জাদ হোসেনের (৫৫) বাড়ি ভোলাহাট উপজেলার মুসলিমপুর গ্রামে। একটি বাস মঙ্গলবার ভোর ছয়টার দিকে নাচোলের ফতেপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হননি।