সলঙ্গায় ছাত্রলীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলর নির্ধারণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় পর্বে এ ঘটনা ঘটে। এ সময় সম্মেলনস্থলের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করা হয়। এ ঘটনায় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে কলেজ কমিটির কাউন্সিলরদের তালিকা তৈরির ঘটনাকে কেন্দ্র করে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। সম্মেলনের দিন ওই তালিকা নিয়ে জেলা কমিটির নেতাদের সামনে সলঙ্গা ডিগ্রি কলেজ কমিটির দুই পক্ষের নেতা-কর্মীরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি বেগতিক দেখে জেলা ছাত্রলীগের নেতারা সম্মেলন স্থগিত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান জানান, সলঙ্গা কলেজ কমিটির কাউন্সিলরদের তালিকা নিয়ে কলেজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হওয়ায় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, কলেজ কমিটির কাউন্সিলর নির্ধারণের ঘটনা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আবার সংঘর্ষ হওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।