সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উত্সব উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জুলফিকার মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক, দেওয়ান নজরুল ও শিক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুল করিম।বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন প্রস্তুতি কমিটির সভাপতি আবদুল আলিম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক হুমায়ুন কবীর, বিদ্যালয়ের ছাত্র মো. বেল্লাল হোসেন প্রমুখ।এইচ টি ইমাম বলেন, ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে দেশের সব উপজেলায় একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট, কম্পিউটার সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে তিনজনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। রত্নগর্ভা হিসেবে হামিদা সুলতানাকে, বিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবে জাহান আরা চৌধুরীকে, ৪৪ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকায় মো. বেলাল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ফরিদা পারভিন ও হূদয় দেওয়ান সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন সকন্যা নৃতাঙ্গনের আনন্দিতা খান। আজ শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. সামসুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উত্সব আজ শুক্রবার শুরু হচ্ছে। ইতিমধ্যে কয়েক শ প্রাক্তন ছাত্রী উত্সবে যোগদানের জন্য নাম নিবন্ধন করেছেন। নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব আগামীকাল শনিবার সকাল আটটায় শহরের মিরপাড়ায় বিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাস থেকে শুরু হবে। শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি নাসিমা বানু জানান, শতবর্ষ উত্সব উদ্যাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্রীকে শতবর্ষ উত্সবে যোগদান করে উত্সবকে প্রাণবন্ত করে তোলার আহ্বান জানিয়েছেন। এদিকে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব বাস্তবায়ন কমিটির নেতারা গত বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, বিদ্যালয়ের প্রাক্তন এক হাজার ২০০ ছাত্র ও বর্তমানে অধ্যয়নরত এক হাজার ছাত্র উত্সবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন। যাঁরা নিবন্ধন করতে পারেননি তাঁরা শনিবার সকালে বিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে উপস্থিত হয়ে তাত্ক্ষণিকভাবে করতে পারবেন। সকাল নয়টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। রাত অবধি বিভিন্ন অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণা ও নাচ-গান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতামত নিয়ে গঠন করা হবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য একটি ট্রাস্ট।