সলিমুল্লাহ এতিমখানায় খাদ্য সরবরাহে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার বাসিন্দাদের খাদ্য সরবরাহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
খাদ্য সরবরাহে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এক সপ্তাহের মধ্যে এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অন্যথায় ২০ মে তাঁদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
মুরসালিন খান নামের এক ব্যক্তির পক্ষে আবেদনটি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
পরে মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, পত্রপত্রিকায় এসেছে, এতিমখানার সম্পত্তি নিয়ে যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় কমিটির সভাপতি খাজা জাকী আহসানউল্লাহ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে খরচ নির্বাহের ব্যবস্থা বন্ধ করে দেন। ফলে ওই এতিমখানার শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ে। এ ধরনের কাজ অমানবিক ও অগ্রহণযোগ্য। এ কারণে আবেদনটি করা হয়।
প্রসঙ্গত, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এতিমখানার ২৫০ জন শিক্ষার্থীর জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।