সলিমুল্লাহ মেডিকেল কলেজ খুলছে ১৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মঙ্গলবার থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজ রোববার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়।

সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ ধর প্রথম আলো ডটকমকে বলেন, মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষক, হাসপাতালের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ বৈঠকে বসেছিলেন। এ বৈঠকে ১৭ ডিসেম্বর কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলো বলছে, এরই মধ্যে ইন্টার্ন চিকিত্সকদের কেউ কেউ যোগ দিয়েছেন। কিন্তু কর্মচারীরা হাসপাতালের দেয়ালে তাঁদের নামে কটূক্তি করে পোস্টার ঝোলানোয় অনেকে কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এসব পোস্টার সরানোর উদ্যোগ নিলে ইন্টার্ন চিকিত্সকেরাও কাজে ফেরার কথা জানান।

এর আগে গত সোমবার গভীর রাতে হাসপাতালের একজন ইন্টার্ন চিকিত্সকের সঙ্গে রক্ত পরীক্ষাগারের কর্মচারী বিরোধে জড়িয়ে পড়েন। এরই জের ধরে পরদিন হাসপাতালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১১ ডিসেম্বর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ছাত্রছাত্রীদের হল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।