সলিমুল্লাহ মেডিকেলে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ছাত্রদের আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গতকাল বিকেল পাঁচটার দিকে কোতোয়ালি জোনের উপসহকারী কমিশনার শাহেন শাহের নেতৃত্বে পুলিশ কলেজের তিনটি ছাত্রাবাসে তল্লাশি চালায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, অভিযানে বেশ কিছু লোহার রড ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।
গত সোমবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কলেজ সংগঠন শাখার সভাপতি রাতুল সিকদারের পক্ষের কর্মী নাফিজ এবং সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার কীর্তনীয়ার পক্ষের কর্মী সোহেল ও মাহফুজ গুরুতর আহত হন।