সলিমুল্লাহ রোডে সাপ্তাহিক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, পানির ট্যাঙ্কি মাঠ। ভেতরে মেলা চলছে, জমজমাট আয়োজন। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরদাম চলছে। ক্রেতাদের কেউ কাপড়, প্রসাধনী, গয়না, গৃহস্থালি পণ্য দেখছেন, কেউ কিনছেন। পরিবারের সদস্যদের সঙ্গে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছে বিভিন্ন বয়সী শিশুরা। তাদের কেউ কেউ খেলছে, কেউ পছন্দসই জামাকাপড়, জুতা ও খেলনা কিনছেন।
গতকাল বুধবার সলিমুল্লাহ রোডের পানির ট্যাঙ্কি মাঠে গিয়ে এ দৃশ্য দেখা যায়। প্রতি সপ্তাহের বুধবার এখানে মেলা বসে। শুধু এটা নয়, সপ্তাহের প্রতি সোমবার জাকির হোসেন রোডের মাঠেও এই রকমই আরেকটি মেলা বসে। দুই মেলায় নারীরাই প্রধান ক্রেতা।
সলিমুল্লাহ রোডের মেলায় বসে প্রায় ৭০টি দোকান। পাওয়া যায় গজ কাপড়, থ্রি-পিস, শাড়ি, পর্দা, বিছানার চাদর, ঘর সাজানোর উপকরণ, জুতা, ব্যাগ, চুড়ি-ফিতা, গয়না, ওড়না, কাঠ ও মাটির তৈরি জিনিসপত্র, লেইস, বোতাম, রেশমি সুতা প্রসাধনী, শিশুদের পোশাক ও জুতা, প্লাস্টিক ও গৃহস্থালি নানা জিনসপত্র, বালিশ, কাঁচ, স্টিল ও চিনামাটির বাসন, খেলনাসহ নানা রকম বাহারি পণ্য।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ মেলায় জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যায়। মান ও বেচাকেনা ভালো। গজ কাপড় বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, ‘সপ্তাহের সাত দিন আমি সাতটি মেলায় দোকান করি। এখানে বেচাকেনা ভালোই হয়, ক্রেতা উপস্থিতিও অনেক। কম দামে ভালো ভালো কাপড় পাওয়া যায়, একটু দেখেশুনে কিনলে ক্রেতারা লাভবান হবেন।’
দোকানি ও মেলার আয়োজকেরা জানান, কিছুদিন আগেও সলিমুল্লাহ রোডের মেলাটি সপ্তাহের প্রতি রোববার বসত। গত দুই সপ্তাহ থেকে সপ্তাহের প্রতি বুধবার বসছে। পানির ট্যাঙ্কি মাঠের এই মেলা চলছে প্রায় সাত মাস ধরে। স্থানীয় শহীদ সলিমুল্লাহ ক্রীড়া সমাজকল্যাণ সংগঠনের সহযোগিতায় দোকান সংগঠক ও মেলা আয়োজক কমিটির তত্ত্বাবধানে নিয়মিত চলছে মেলাটি।
শহীদ সলিমুল্লাহ ক্রীড়া সমাজকল্যাণ সংগঠনের সদস্য মো. সোহেল প্রথম আলোকে বলেন, ‘আশপাশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের কেনাকাটার সুবিধার কথা বিবেচনা করেই এ মেলার আয়োজন করা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অফিস, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও মোহাম্মদপুর থানার অনুমতি নিয়েই এ মেলা চলছে। মেলায় ক্রেতাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব পালন করে সংগঠন কর্তৃপক্ষ। শৃঙ্খলার বিষয়ে ক্রেতারা সন্তুষ্ট। মেলার পরিবেশ নিয়ে এখনো কারও অভিযোগ পাইনি।’
মেলা চালু হয় সকাল আটটায়, শেষ হয় রাত নয়টায়। মোহাম্মদপুরের তাজমহল রোড, নূরজাহান রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড, হাউজিং সোসাইটি, নিউ কলোনি, লালমাটিয়া, জাকির হোসেন রোড, ইকবাল রোড, বিহারি ক্যাম্প, শাহজাহান রোড, কাজী নজরুল ইসলাম রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারীরা এখানে কেনাকাটা করতে আসেন।
ক্রেতাদের একজন আসমা বেগম বলেন, ‘বাসার পাশেই মেলা বসে বলে আমাদের অনেক সুবিধা হয়। টুকিটাকি কেনাকাটা করার জন্য দূরের বাজারে যাওয়া লাগে না।