সশস্ত্র গোষ্ঠীর তালিকায় নাম থাকায় শিবিরের বিস্ময়
বিশ্বের ১০টি সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর তালিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছে সংগঠনটি। প্রকাশিত প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও দাবি করেছে তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তথ্য ও মতামত সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত আইএইচএসের ‘আইএইচএস জেনস ২০১৩ গ্লোবাল টেররিজম অ্যান্ড ইনসারজেন্সি অ্যাটাক ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনে শিবিরের নাম আসে। এর প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ বিস্ময় প্রকাশ করে ওই দাবি করেন।
এ তালিকায় থাইল্যান্ডের বারিসান রেভুলুসি নাসিওনাল ও তালেবানের পর ছাত্রশিবিরের নাম রয়েছে। শিবির বলেছে, এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে আইএইচএসের উচিত ছিল ছাত্রশিবিরের বক্তব্য জানা। তা না করে সংস্থাটি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইএইচএসের ওয়েবসাইটে প্রতিবেদনটি ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হলেও ১১ দিন পর বাংলাদেশের কতিপয় গণমাধ্যম একযোগে সিন্ডিকেট আকারে প্রকাশ করে। এর থেকে বোঝা যায়, ২৫ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডির দুঃখ-ভারাক্রান্ত আলোচনা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এর প্রচার ও প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে শিবির দাবি করে, কোনো ধরনের সন্ত্রাসের সঙ্গে তাদের দূরতম সম্পর্কও নেই। বিবৃতিতে আইএইচএসের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়। তাতে বলা হয়, ছাত্রশিবিরকে অস্ত্রধারী গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করা হলেও সংগঠনের অস্ত্রসংশ্লিষ্ট কার্যক্রমের বর্ণনা আইএইচএসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে নেই। কিসের ওপর ভিত্তি করে এ ধরনের তালিকা প্রণয়ন করা হয়েছে, তারও কোনো স্পষ্ট বিবরণ নেই। সংস্থাটি ১৯৯৭ সাল থেকে এ ধরনের জরিপ ও তালিকা প্রকাশ করে থাকে বলে ওয়েবসাইটে উল্লেখ থাকলেও বিগত বছরগুলোর জরিপের ফলাফল ও তালিকাও ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।