সশস্ত্র পাহারায় মেঘনাতীরের মাটি লুটছে সন্ত্রাসীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁ, কুমিল্লার মেঘনা ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীর তীরের মাটি এক মাস ধরে সন্ত্রাসীরা সশস্ত্র পাহারা দিয়ে কেটে নিয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রগুলো বলছে, জনৈক রতন শিকদারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক এন্টারপ্রাইজের নামে মেঘনা নদীর চালিভাঙ্গা বালুমহালের ইজারা নেওয়া হয়েছে। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ২৫-৩০ জনের একটি চক্র করে মেঘনা উপজেলার চালিভাঙ্গা, নলচর, মুন্সিরগাঁও; গজারিয়া উপজেলার বারপাড়া এবং সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের পাশে নদীতে ড্রেজার বসিয়ে তীরের বালু কেটে নিয়ে যাচ্ছে। রাতে ড্রেজারগুলো নদীতীরবর্তী জমির কাছাকাছি এনে ওই সব জমির মাটি কেটে নেওয়া হচ্ছে।গ্রামবাসী অভিযোগ করেন, অবৈধভাবে বালু তুলতে বাধা দেওয়ায় গত ৩০ জুন সন্ত্রাসীরা টেটা ও বল্লমের আঘাতে ২০-২৫ জন নিরীহ গ্রামবাসীকে মারাত্মকভাবে আহত করে। এরপর উল্টো ইজারাদার রতন শিকদার বাদী হয়ে গ্রামের নিরীহ মানুষকে আসামি করে মেঘনা থানায় একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি চালিভাঙ্গা ইউপির সাবেক সদস্য আবদুল কাদির অভিযোগ করেন, সন্ত্রাসীরা গ্রামবাসীদের কুপিয়ে আহত করলেও পুলিশ গ্রামবাসীর মামলা না নিয়ে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মামলা নিয়েছে। কয়েক দিন ধরে গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের আতঙ্কে চালিভাঙ্গা গ্রাম ছেড়ে পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। এই সুযোগে সন্ত্রাসীরা অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘সন্ত্রাসীরা মেঘনা নদীর তীরবর্তী চালিভাঙ্গা মৌজায় আমাদের বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত জায়গার মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাইনি।’গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, অনিক এন্টারপ্রাইজের লোকজন বিভিন্ন গ্রামের পাশে ২০টি ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি এবং ওই বিদ্যুৎকেন্দ্রের জায়গার মাটি কেটে নিয়ে যাচ্ছে। কয়েকটি নৌকায় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা পাহারা দিচ্ছে। সোনারগাঁয়ের ঝাউচর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, রাতে সবচেয়ে বেশি বালু কাটা হয়। মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের আমির হামজা (৬৫) বলেন, ‘এরা শুধু আমাগো জমির মাটি কাইট্টা নিয়াই শেষ করছে না; টেটা, বল্লম দিয়ে গাই দিয়ে আমাদের শরীরের গোশতও নিয়া যাচ্ছে।’অনিক এন্টারপ্রাইজের মালিক রতন শিকদার ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ‘আমরা ইজারা নিয়ে নদীর তলদেশ থেকেই বালু তুলছি। আমাদের অনুপস্থিতিতে কর্মচারীরা ভুল করে মানুষের জমির মাটি যদি কেটে থাকে, সে জন্য আমরা দুঃখিত। আমরা কোনো গ্রামবাসীকে হয়রানি করিনি। গ্রামের কিছু লোক চাঁদাবাজ।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল বলেন, ‘চালিভাঙ্গা বালুমহালের ইজারাদার মানুষের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।’ মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘আমরা গ্রামবাসীর নিরাপত্তা দিতে প্রস্তুত। কিন্তু গ্রামবাসী আমাদের কাছে আসছে না। ইজারদারের মামলা মিথ্যা প্রমাণিত হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’