সশস্ত্র প্রহরাবিহীন নির্বাচনের স্বপ্ন দেখেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘সেই দিনটি আসুক যেইদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র উপস্থিতি ছাড়াই নির্বাচন হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি তাঁর এ ‘স্বপ্নের’ কথা জানান। আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় মেয়র পদপ্রার্থীসহ কয়েকজন প্রার্থী নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের দাবি জানান। মেয়র পদপ্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বলেন, ‘আমি নির্বাচনে সেনা নিয়োগের পক্ষে।’
মেয়র পদপ্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদ ভোট গ্রহণের তিন দিন আগে সেনাবাহিনী নিয়োগের দাবি জানান।
তবে বক্তব্যে সিইসি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনই নয় বলে জানিয়ে বলেন, আগামী ১৯ তারিখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় নির্বাচন কমিশনের কমিশনার মোহাম্মদ আবু হাফিজ প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নের দাবি ও সেনাবাহিনী নিয়োগসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তাঁর ছাত্র জীবনের একটি অভিজ্ঞতার গল্প বলেন। তিনি বলেন, ‘অনার্স পরীক্ষা দিচ্ছিলাম। আমাদের একজন সফল শিক্ষক পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তোমাদের পরীক্ষায় গার্ড দিতে হবে কেনো? ’ প্রার্থীরা দেশের মাথা, তাঁরা ঢাকার নেতৃত্ব দিতে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, ‘কেউ কেউ নির্বাচন পরিচালনার সময় অমুক বাহিনী মোতায়েন করতে বলেন। বাহিনী মোতায়েন করতে হবে কেনো? নির্বাচন পরিচালনায় বিশেষ বাহিনী নিয়োগ আদৌ প্রয়োজন থাকবে কি না তা দেখতে হবে। ঈদের জামায়াতে বা বিশ্ব ইজতেমার সময় বিশেষ বাহিনী প্রয়োগের প্রয়োজন পড়ে না।’
আবদুল মোবারক প্রার্থীদের নিজ নিজ সু-আচরণ এবং অন্যদেরও এ ধরনের আচরণে উদ্বুদ্ধ করার বিষয়টিতে গুরুত্ব দিয়ে জানালেন, সবার সু-আচরণ থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে না।