সশস্ত্র বাহিনী করপোরেট বডি হয়ে যাচ্ছে: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী একটি করপোরেট বডি (বাণিজ্যিক প্রতিষ্ঠান) হয়ে যাচ্ছে। আর এই করপোরেট বডির স্বার্থরক্ষার্থে কোনো কোনো ক্ষেত্রে যে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে না, তাও কেউ নিশ্চিত করে বলতে পারবে না।’
আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক গণশুনানিতে গতকাল বুধবার মিজানুর রহমান এসব কথা বলেন। রাজধানীর সিবিসিবি সেন্টারে বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ গণশুনানির আয়োজন করে।
প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে আমরা গর্ব করি। তারা আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত। তাই সরকার যখন তাদের জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমান কেনে, আমাদের সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে তাদের জন্য যখন সাবমেরিন কেনার উদ্যোগ নেওয়া হয়, আমরা সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কিন্তু যখন দেখি আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনী ব্যাংক গড়ছে, গণপূর্ত বিভাগের সঙ্গে পাল্লা দিয়ে ঠিকাদারি কাজে লিপ্ত হচ্ছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ব্যস্ত, তখন মনে ভয় জাগে, অদূর ভবিষ্যতে হয়তো আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেসরকারি সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করতে হবে। যার যেখানে বিচরণ, তাকে তার বিচরণক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখা যৌক্তিক বলে আমাদের মনে হয়।’
গণশুনানিতে দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরেন ভুক্তভোগী সাতজন আদিবাসী।
অনুষ্ঠানে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আমাদের রাষ্ট্র আর জনগণের নেই। রাষ্ট্র চলে গেছে ব্যাংক ডাকাত, ভূমিদস্যু ও আমলাদের হাতে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, ‘আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। কিন্তু এই সংগঠনের নেতা হওয়ার জন্য আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করিনি। ১৯৪৭ সালে যেখানে দেশের ৩১ শতাংশ ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এখন আছেন মাত্র নয় শতাংশ।’
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বাংলাদেশে মামলা করা খুব সহজ, আদিবাসীদের বিরুদ্ধে আরও সহজ। আদিবাসীদের ভূমি দখল করে উল্টা তাদের বিরুদ্ধেই মামলা করেন ভূমিদস্যুরা। মামলা চালাতে গিয়ে আদিবাসীরা নিঃস্ব হয়ে যাচ্ছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানববন্ধন করার প্রস্তাব দেন।
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খানের সভাপতিত্বে গণশুনানিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইডির ফ্যাসিলিটেটর অলি কুজুর। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা।