সশস্ত্র বাহিনী ছাড়া ৩০০ আসনে নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহম্মেদ বলেছেন, সশস্ত্র বাহিনী মোতায়েন ছাড়া এক দিনে জাতীয় সংসদের ৩০০ আসনে নির্বাচন করা সম্ভব নয়। সেই বিবেচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে।
গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। এবারও দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনকে এক দিনে সারা দেশের ৩০০টি আসনে নির্বাচন করতে হবে। দেশের ভোটার এবং ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। তাই নিয়মিত বাহিনীর পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। সে জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলাবিষয়ক সভায় কখন, কীভাবে, কী পরিমাণ সেনা মোতায়েন হবে, সে সিদ্ধান্ত হবে। তবে সময় নিয়েই সেনা মোতায়েনের অনুরোধ জানানো হবে, যাতে মোতায়েনে কোনো সমস্যা না হয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী নেই। তাতে সেনাবাহিনী মোতায়েনে কোনো সমস্যা হবে না। আইনের মধ্যে থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হবে।
নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, ‘সব দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশনের অপেক্ষা করা উচিত। তাতে মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে। আমরাও চাই সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন। সে জন্য আমরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব।’
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন জানান, আদালতের রায়ের কপি গতকাল নির্বাচন কমিশন হাতে পেয়েছে। তিনি বলেন, রায়টি বেশ বড় ও অনেক পৃষ্ঠার। তাই সময় নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।