সশস্ত্র বাহিনী দিবস আজ
আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ফজরের নামাজ শেষে সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও।
সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন। সন্ধ্যায় সেনাকুঞ্জে আরেকটি সংবর্ধনায় রাষ্ট্র, গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিরোধীদলীয় নেতা, সম্মানিত নাগরিক ও বিদেশি কূটনীতিকেরা উপস্থিত থাকবেন।
বিএনপির একটি সূত্র জানায়, সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাওয়াত করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়ক ফজলে এলাহী আকবর গতকাল রাতে বলেন, তিন দিন আগে আমন্ত্রণপত্র পেয়েছেন খালেদা জিয়া। সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে তাঁকে দাওয়াত করা হয়েছে। খালেদা জিয়া অনুষ্ঠানে যাবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি আকবর।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ধারণা, খালেদা জিয়া অনুষ্ঠানে যাবেন। কারণ, তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রীও।’
সশস্ত্র বাহিনী দিবসের নানা কর্মসূচি পালন নির্বিঘ্ন রাখতে ঢাকা সেনানিবাসের সব রাস্তা (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার জন্য যানবাহন চলাচল সীমিত রাখা হবে। সেনানিবাসে অবস্থান করা ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব যানচালকদের সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে না চলতে অনুরোধ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে তিন বাহিনীর প্রধানেরা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। ঢাকা ছাড়াও সাভার, বগুড়া, ঘাটাইল (টাঙ্গাইল), চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, যশোর, রংপুর, খুলনা ও রাজেন্দ্রপুর সেনানিবাসে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ আজ বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।